আবুধাবি টেস্ট
হাফসেঞ্চুরি করলেন সাদমানও, দাপুটে ব্যাটিং বাংলাদেশের
প্রথম সেশন পার করে দ্বিতীয় সেশনেও আফগানিস্তানের বোলারদের ওপর ছড়ি ঘোরাচ্ছে বাংলাদেশ। সেঞ্চুরির কাছে গিয়ে তানজিদ হাসান তামিম ফিরলেও পুরোপুরি টেস্ট মেজাজে ব্যাট করছেন ওপেনার সাদমান ইসলাম। তিনিও তুলে নিয়েছেন হাফসেঞ্চুরি। তাদের দাপুটে পারফরম্যান্সে বড় রানের দিকে ছুটছে বাংলাদেশ।
আজ শুক্রবার (৯ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টের প্রথম দিনের মধ্যাহ্ন বিরতির আগে ৩৬ ওভার ব্যাট করে এক উইকেট হারিয়ে ১৭১ রান তুলেছে বাংলাদেশ। ১০৫ বলে ৬০ রানে অপরাজিত আছেন সাদমান। তাকে সঙ্গ দিতে আসা মুমিনুল ৪১ বলে ২৩ রানে অপরাজিত আছেন।
ইনিংসের শুরুতেই দেখেশুনে খেলছিলেন সাদমান। দায়িত্বশীল ব্যাটিংয়ে উইকেটে দারুণ সময় কাটাচ্ছেন তিনি। তামিমের পরে জুটি গড়েছেন মুমিনুল হকের সঙ্গে। তাদের দ্বিতীয় উইকেটের জুটিও পঞ্চাশের কাছাকাছি চলে গিয়েছে।
এরই মাঝে হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন সাদমান। টেস্ট ক্রিকেটে এটি তার নবম হাফসেঞ্চুরি। তিনিও ছুটছেন সেঞ্চুরির পথে। অপেক্ষা সেটিকে পূর্ণতা দেওয়ার।
দাপুটে প্রথম সেশনে বাংলাদেশের আক্ষেপ কেবল তামিমের সেঞ্চুরি
ফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনের প্রথম সেশনটা দারুণ কাটল বাংলাদেশের। শুরু থেকেই দাপুটে ব্যাটিং করলেন ওপেনার তানজিদ হাসান তামিম আর সাদমান ইসলাম। দুজনের ব্যাটিংয়ে ভর করে প্রায় একবছর পর টেস্টে ওপেনিং জুটিতে সেঞ্চুরি পেল বাংলাদেশ। দারুণ সেশন কাটালেও বাংলাদেশের আক্ষেপ তামিমের সেঞ্চুরি মিস। প্রথম দিনের মধ্যাহ্ন বিরতির আগে ২৬ ওভার ব্যাট করে এক উইকেট হারিয়ে ১৩৪ রান তুলেছে বাংলাদেশ।
সেঞ্চুরির আক্ষেপ নিয়ে তামিম ফেরার পর আফগান বোলারদের আর কোনো সুযোগ দেননি মুমিনুল সাদমান। প্রথম সেশনের বাকি সময়টা সাবলীল ব্যাটিং করেই কাটিয়ে দেন তারা। এতে স্বস্তির সকাল শেষ করে মধ্যাহ্ন বিরতিতে গেল বাংলাদেশ।
সেঞ্চুরির আশা জাগিয়ে ফিরলেন তামিম, শতক পেরিয়ে ছুটছে বাংলাদেশ
ক্রিকেটের অভিজাত ফরম্যাটে বাংলাদেশ ক্রমনেই উন্নতি করছে তার আরেকটি বহিঃপ্রকাশ ঘটছে আফগানিস্তানের বিপক্ষে। দাপুটে ব্যাটিংয়ে আফগান বোলারদের শাসন করছিলেন দুই টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম ও সাদমান ইসলাম। সেঞ্চুরির আশা জাগিয়ে অবশেষে ফিরলেন তামিম। তবে এরই মধ্যে শতক পেরিয়ে গেছে বাংলাদেশ।
ইনিংসের শুরু থেকেই সাদমান কিছুটা ধীরগতির ব্যাটিং করলেও তামিম ছিলেন আগ্রাসী। অনেকটা ওয়ানডে মেজাজেই ব্যাট করছিলেন তিনি। হাফসেঞ্চুরি তুলে ছুটছিলেন সেঞ্চুরির দিকে। তার আগেই অবশ্য থামতে হয়েছে তাকে। ইসমত আলমের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরার আগে ৭১ বলে ৮৩ রান করেছেন তামিম।
সাদমানকে সঙ্গ দিতে এসেছেন মুমিনুল হক। এই দুই ব্যাটারের দায়িত্ব নিতে হবে এখন।
তামিমের হাফসেঞ্চুরি, বড় রানের পথে হাঁটছে বাংলাদেশ
অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ছন্দ দেখিয়েছিলেন তানজিদ হাসান তামিম। সেটি ধরে রাখলেন আফগানিস্তানের বিপক্ষেও। তাকে সঙ্গ দিতে গিয়ে ভুল করেননি আরেক ওপেনার সাদমান ইসলামও। এই দুজনের ব্যাটে ভর করে আফগানদের বিপক্ষে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ।
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের উদ্বোধনী জুটি নিয়ে আলোচনা হলেও কোনো পরীক্ষা-নিরীক্ষায় না গিয়ে সাদমান আর তামিমের ওপরই ভরসা রাখে বাংলাদেশ। সেটার প্রতিদানও দিচ্ছেন তারা। আফগান বোলারদের কোনো সুযোগ না দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই দুই ওপেনার।
সাদমান কিছুটা ধীরগতির ব্যাটিং করলেও আগ্রাসী ভঙ্গিতে খেলছেন তামিম। অনেকটা টি-টোয়েন্টি স্টাইলে বলা যায়। ইতোমধ্যে হাফসেঞ্চুরিও তুলে নিয়েছেন তিনি। টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বার হাফসেঞ্চুরি করলেন তিনি। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম হাফসেঞ্চুরিকে রূপান্তর করেছিলেন সেঞ্চুরিতে।
এই দুজনের জুটিতে ভর করে বড় রানের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
একাদশে কোনো পরীক্ষা-নিরীক্ষা নয়
বাংলাদেশ-আফগানিস্তানের এই টেস্ট ম্যাচটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। তবুও এ ম্যাচে কোনো পরীক্ষায় যায়নি বাংলাদেশ। ঘরের মাঠে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখেই একাদশ সাজিয়েছে বাংলাদেশ। তবে একাদশে ফিরেছেন স্পিনার নাঈম শেখ।
বাংলাদেশের একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, সাদমান ইসলাম, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী।
টসে জিতে ব্যাট করবে বাংলাদেশ
সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে দারুণ সময় কাটাচ্ছে বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে হারিয়ে এসেছে তাদের মাটিতে। সেই ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জে বাংলাদেশের সামনে আফগানিস্তান। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে একমাত্র টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ আর আফগানিস্তান। টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

স্পোর্টস ডেস্ক