ঢাকা টেস্টে বৃষ্টির জন্য দোয়া করেছিলেন পাকিস্তানি তারকা
ঢাকা টেস্টের প্রথম চারদিনের বৃষ্টির আধিপত্য থাকলেও শেষদিন আকাশ ছিল ঝকঝকে। পুরো দিন একবারের জন্যও বৃষ্টি নামেনি। তবে, পাকিস্তানের সাবেক ক্রিকেটার কামরান আকমল, দোয়া করেছিলেনে যেন বৃষ্টি হয়। বৃষ্টি হলে হার এড়ালেও এড়াতে পারত পাকিস্তান।
মিরপুরে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মঙ্গলবার (১২ মে) পাকিস্তানকে ১০৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচের পর নিজের ফেসবুক পেজে প্রকাশ করা এক ভিডিও বার্তায় আকমল জানান, বৃষ্টির আশা করেছিলেন তিনি।
আকমল বলেন— ‘আগেই বুঝতে পেরেছিলাম, চতুর্থ ইনিংসে ২৭০ রান তাড়া করা পাকিস্তানের জন্য কঠিন হয়ে যাবে। ম্যাচ বাঁচাতে তাই বৃষ্টির আশা করেছিলাম। যদিও, শেষ ইনিংসে ব্যাট করে এমন লক্ষ্য ছোঁয়া মোটেও সহজ ছিল না।’
আকমল যোগ করেন, ‘বড় রান তাড়া করার কথা শুধু তারাই বলতে পারে যারা ধারাবাহিকভাবে ভালো খেলছে। মাঠের পারফরম্যান্সই আসল চিত্র তুলে ধরে এবং পাকিস্তান দল একই ভুল বারবার করে যাচ্ছে।’
বাংলাদেশের কাছে এই হার হতাশাজনক বলেও ভিডিওতে মন্তব্য করেন কামরান আকমল। নিজ দলকে ধুয়ে দিলেও দারুণ পারফর্ম করা বাংলাদেশ দলের প্রশংসা করতে ভোলেননি সাবেক এই উইকেটরক্ষক ব্যাটার।

স্পোর্টস ডেস্ক