আইসিসির জরুরি সভায় অংশ নিতে পাকিস্তানে বিসিবি সভাপতি
বিতর্কের মাঝেই শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবু যেন স্থির হতে পারছে না আইসিসি। প্রথমে বাংলাদেশ, পরে পাকিস্তান ইস্যুতে যে টালমাতাল অবস্থার সৃষ্টি হয়েছে, তা থেকে বের হতে পারেনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। তাই বিশ্বকাপ চলাকালীন সভা ডেকেছে সংস্থাটি। আইসিসির সভায় অংশ নিতে আজ রোববার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানের লাহোরে পৌঁছেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, আজ দিনের শেষ ভাগে অনুষ্ঠিত হবে আইসিসির জরুরি সভা। সভাটি ভার্চুয়ালি হবে। সেখানে বুলবুলের সঙ্গে থাকবেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভিও। থাকবেন অন্যান্য বোর্ড সদস্যরা।
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট করেছে পাকিস্তান। যা আইসিসির কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। ক্রিকেট দুনিয়ার সবচেয়ে চটকদার ম্যাচ ভারত-পাকিস্তান লড়াই। যা কেবল একটি ম্যাচেই সীমাবদ্ধ থাকে না। ক্রিকেটের যারা স্টেকহোল্ডার, তাদেরও চোখ থাকে ম্যাচটিতে। এই একটি ম্যাচে যে পরিমাণ অর্থের ঝনঝনানি, তার ধারেকাছে নেই আর কোনো ম্যাচ। বিশ্বকাপের সূচি অনুযায়ী, আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হওয়া কথা রয়েছে।
এমন ম্যাচ না হওয়া মানে বড় অঙ্কের আর্থিক ক্ষতি। এনডিটিভি তাদের প্রতিবেদনে জানিয়েছে, এই ম্যাচ মাঠে না গড়ালে আইসিসিকে পড়তে হবে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতির মুখে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬ হাজার ১৫০ কোটি টাকা। এই একটি খেলা থেকে যা আয় আসে, তা অন্য কোনো ম্যাচ থেকে আসে না। পুরো বিশ্বকাপের মোট আয়ের প্রায় ৩৬ শতাংশই ভারত-পাকিস্তান ম্যাচ থেকে আসার কথা।
পাক-ভারত বিরোধের প্রভাব পুরো ক্রিকেট অর্থনীতিতে পড়তে পারে। আইসিসির ৩ বিলিয়ন ডলারের ভারতীয় সম্প্রচার চুক্তির বড় অংশ নির্ভর করে বৈশ্বিক আসরে প্রতিবছর ভারত-পাকিস্তান ম্যাচের ওপর। প্রতিটি ম্যাচের আনুমানিক মূল্য প্রায় ৫০ কোটি ডলার। ম্যাচ বাতিল হলে চুক্তি লঙ্ঘনের দায়ে আইসিসিকে অর্থ ফেরত দিতে হতে পারে।
সূত্র জানিয়েছে, চার বছরের জিওস্টার সম্প্রচার চুক্তির প্রায় দুই-তৃতীয়াংশ মূল্যই ভারত-পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে। আগামী বছর চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এবং বর্তমান আঞ্চলিক সম্পর্কের প্রেক্ষাপটে একই শর্তে নবায়নের সম্ভাবনা কম।

স্পোর্টস ডেস্ক