আইপিএলে এই প্রথম অধিনায়ক নন ধোনি
২০০৭ সালে ভাঙাচোরা এক দল নিয়েও ভারতকে বিশ্বকাপ জেতান তিনি। পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ও ফাইনালে সবার কপাল ভাঁজ হলেও কোনোরকম প্রতিক্রিয়া দেখাননি ধোনি। ধীরস্থির থাকার কারণে তখন থেকেই তাঁর নামের সঙ্গে ‘ক্যাপ্টেন কুল’ তকমাটা লেগে যায়। পরের বছর বিলিয়ন ডলারের টুর্নামেন্ট আইপিএল চালু হলে নিলামে তাঁকে কিনে নেয় চেন্নাই সুপার কিংস। এরপর আট বছর হলুদ জার্সিধারীদের নেতৃত্ব দেন ধোনি। আট আসরে ছয়বারই চেন্নাইকে ফাইনালে নিয়ে যান ক্যাপ্টেন কুল। একটা সময় তো চেন্নাইকে ফাইনালে ধরেই অন্য সব হিসাবে বসতেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সেই চেন্নাইও নেই, সেই ধোনিও নেই। ধোনি এখন রাজত্ব হারিয়ে বসা এক রাজা। আজ আইপিএলে প্রথমবারের মতো কোনো ম্যাচে অধিনায়কত্বের আর্মব্যান্ড ছাড়াই মাঠে নামবেন ধোনি।
২০১৬ সালে দুর্নীতির দায়ে দুই বছর নিষিদ্ধ হয় চেন্নাই সুপার কিংস। সেই কারণে পুনে সুপারজায়ান্টসের হয়ে নতুন অধ্যায় শুরু করেন ধোনি। গত আসরটা মোটেও ভালো কাটেনি পুনের। ১৪ ম্যাচে মাত্র পাঁচটিতে জয় পায় ধোনির দল। অবশ্য ইনজুরির কারণে শীর্ষ তারকারা মাঝপথে দেশে না ফিরলে ফলাফলটা আরো ভালো হতে পারত। তবে গত আসরে ব্যর্থতার দায়ভারটা যায় ধোনির ওপর। এর আগে ওয়ানডেতে ও টি-টোয়েন্টিতে ভারতীয় জাতীয় দলের অধিনায়কত্ব ছেড়ে দেন ধোনি। এই কারণে দশম আসরের আগে পুনের দায়িত্বভারও কেড়ে নেওয়া হয় তাঁর কাছ থেকে। পুনেতে ধোনির স্থলাভিষিক্ত হন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ।
আইপিএলে আজ ধোনির ১৪৪তম ম্যাচ। অধিনায়কত্ব হারিয়ে বসা ধোনি এই প্রথম সাধারণ একজন ক্রিকেটার হিসেবে মাঠে নামবেন। আজও উইকেটের পেছনে দায়িত্ব পালন করবেন ধোনি। তবে হাত নাড়িয়ে সতীর্থদের আদেশ করতে আর দেখা যাবে না ‘ক্যাপ্টেন কুল’কে। দলের চরম সময়ে স্ত্রিনে আর ভেসে উঠবে না অধিনায়ক ধোনির নির্বিকার চেহারা।

স্পোর্টস ডেস্ক