বিদায়ী ম্যাচে প্রথম বলেই আউট মাশরাফি
টেস্ট-ওয়ানডে ও টি-টোয়েন্টি, বাংলাদেশের অনেক সাফল্যই এসেছে তাঁর হাত ধরে। যাকে বলা হয় বাংলাদেশের ক্রিকেটকে বদলে দেওয়ার নায়ক। সেই মাশরাফি বিন মুর্তজা যখন জীবনের শেষ ম্যাচটি ব্যাটহাতে নামেন, তখন সবাই তাকিয়ে ছিল তাঁর দিকে।
অবশ্য নড়াইল এক্সপ্রেস পারলেন না ভালো কিছু করতে। জীবনের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটহাতে ব্যর্থ হয়েছেন তিনি। তা ছাড়া প্রথম বলেই বোল্ড আউট হন। শিকার হন মালিঙ্গার।
অবশ্য সে ওভারে মালিঙ্গা হ্যাটট্রিকও করেছিলেন। যদিও সে বিষয়টিকে ছাপিয়ে মাশরাফির ব্যর্থতাটাই ছিল সবচেয়ে বড় আলোচ্য বিষয়, তাঁর শূন্য রানে আউট হওয়াটা।
মাশরাফি ব্যর্থ হলেও দল খুব একটা খারাপ করেনি। শ্রীলঙ্কার সামনে ১৭৭ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে। দলের টপঅর্ডার ব্যাটসম্যানদের উজ্জ্বলতায় এই সংগ্রহ গড়তে পেরেছে মাশরাফির দল।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৯ উইকেটে ১৭৬ রান করে। রান পেয়েছেন সৌম্য সরকার (৩৪), ইমরুল কায়েস (৩৬), সাকিব আল হাসানরা (৩৮)। সিনিয়রদের বিধ্বংসী ব্যাটিংয়ের দিন কম যাননি মোসাদ্দেক (১৭)-সাব্বিররাও (১৮)।

ক্রীড়া প্রতিবেদক