আবারও সেই স্প্যানিশ জুজুর সামনে বায়ার্ন
২০১৩ সালে শেষবারের মতো চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছিল বায়ার্ন মিউনিখ। তার পর থেকে টানা তিনটি মৌসুম সেমিফাইনালে গিয়ে শেষ হয়েছে তাদের শিরোপা জয়ের স্বপ্ন। তিনবারই তাদের বিদায়বার্তা দিয়েছে স্প্যানিশ ক্লাবগুলো। এবারও হয়তো তার ব্যতিক্রম হবে না। এবার কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে পড়ার আশঙ্কায় আছে জার্মানির শীর্ষ এই ক্লাব। শিরোপা জয়ের আশা টিকিয়ে রাখতে হলে তাদের কাটিয়ে উঠতে হবে এই স্প্যানিশ-জুজু।
কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বায়ার্নের মাঠে গিয়েই রিয়াল মাদ্রিদ পেয়েছে ২-১ গোলের দারুণ জয়। সেমিফাইনালের পথেও এগিয়ে গেছে অনেকখানি। অন্যদিকে দ্বিতীয় লেগের ম্যাচে বায়ার্নের জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। আগামী মঙ্গলবার এই ম্যাচ তাদের খেলতে হবে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে গিয়ে। তবে শিরোপার লড়াই থেকে ছিটকে যাওয়ার প্রবল আশঙ্কা থাকলেও হাল ছেড়ে দিচ্ছেন না অধিনায়ক ফিলিপ লাম। তিনি বলেছেন, ‘এটা সহজ হবে না। আমরা পিছিয়েই আছি। কিন্তু মাদ্রিদে আমাদের জয়ের সুযোগও থাকবে।’
সাম্প্রতিক ইতিহাস অবশ্য বলছে পুরোপুরি ভিন্ন কথা। ২০১৩ সালের পর টানা তিনটি মৌসুম স্পেনে গিয়ে একটি ম্যাচও জিততে পারেনি বায়ার্ন। টানা তিনবার হেরেছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে। তিনটি ম্যাচে একবারও প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেননি বায়ার্নের তারকা ফরোয়ার্ডরা। গত বছরের সেপ্টেম্বরে শেষবারের মতো স্পেনে গিয়ে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ১-০ গোলে হেরে এসেছিল বায়ার্ন মিউনিখ।
এবার সেই স্প্যানিশ-জুজু কাটিয়ে ওঠার জন্য বায়ার্নের সমর্থকরা নিশ্চিতভাবেই বিশেষ নজর রাখবেন রবার্ট লেভানডেভস্কির দিকে। কাঁধের ইনজুরি কাটিয়ে রিয়ালের বিপক্ষে মাঠে নামবেন এই পোলিশ ফরোয়ার্ড। এবারের মৌসুমে ৪০টি ম্যাচ খেলে তিনি করেছেন ৩৮ গোল। রিয়াল মাদ্রিদের বিপক্ষে এর আগে জ্বলে উঠতেও দেখা গেছে তাঁকে। ২০১৩ সালে রিয়াল মাদ্রিদের জালে একাই চারবার বল জড়িয়েছিলেন তিনি। সেবার অবশ্য খেলেছিলেন বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে। এবার বায়ার্নের জার্সিতেও তিনি সেভাবেই জ্বলে উঠবেন, এমন প্রার্থনাই হয়তো করবেন সমর্থকরা।
আগামী মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ।

স্পোর্টস ডেস্ক