শেখ জামালের বিপক্ষে রূপগঞ্জের বড় জয়
ঢাকা প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিল লিজেন্ডস অব রূপগঞ্জ। বিকেএসপির ৪ নম্বর মাঠে তারকাখচিত শেখ জামালকে ৬৮ রানের বড় ব্যবধানে হারাল মুশফিকুর রহিমের দল। প্রথমে ব্যাটিং করে মুশফিকুর রহিম ১৩৪ ও নাঈম ইসলামের ১০৩ রানে ভর করে ৫ উইকেটে ৩০৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় রূপগঞ্জ। জবাবে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৪৬.২ ওভারে ২৩৭ রানে অলআউট হয় শেখ জামাল।
গত ম্যাচের মতো আজকের ম্যাচেও হেসেছে মুশফিকের ব্যাট। প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৭৫ রানে অপরাজিত ছিলেন জাতীয় টেস্ট দলের অধিনায়ক। ব্রাদার্স মাত্র ২০৬ রান করায় শেষ পর্যন্ত শতকবঞ্চিত হন মুশি। একই ভেন্যুতে পরের ম্যাচেই আক্ষেপটা ঘুচিয়ে নিলেন জাতীয় দলের এই ব্যাটিং কাণ্ডারি। শেখ জামালের বিপক্ষে সেঞ্চুরি করেই থেমেছেন মুশফিকুর রহিম। তাঁর ১৩৪ রানের অসাধারণ এক ইনিংসে জামালের বিপক্ষে বড় রানের পথে এগোচ্ছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ১৩৪ বলে ১৪টি চার ও এক ছয়ে ১৩৪ রান করেছেন মুশি। অপর প্রান্তে শতক পেয়েছেন নাইম ইসলাম। ১১৩ বলে শতক পূর্ণ করেছেন এই ব্যাটসম্যান।
ঢাকা প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে সাভারের বিকেএসপির ৪ নম্বর মাঠে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মুশফিক। শাহাদত হোসেনের জোড়া আঘাতে শুরুটা মোটেও ভালো হয়নি রূপগঞ্জের। দলীয় ১৩ রানের মধ্যেই আবু সায়েম ও হাসানুজ্জামানকে ফিরিয়ে দেন জাতীয় দলের সাবেক পেসার শাহাদত। এর পরই নাইমকে নিয়ে প্রতিরোধ পড়েন মুশফিক। সাবধানে এগোতে থাকেন এ দুই ব্যাটসম্যান। প্রথম ১০ ওভারে আসে মাত্র ৩২ রান। উইকেটে থিতু হওয়ার পর পাল্টা আক্রমণ শুরু করেন মুশফিক। ৬৯ বলে ৫০ রান পূর্ণ করেন মুশফিক। নাইম অর্ধশত করেন ৬১ বলে। ১১৫ বলে আটটি চার ও এক ছয়ে সেঞ্চুরি করেন মুশফিক। ব্যক্তিগত ১৩৪ রানে আবদুর রাজ্জাকের বলে আউট হন মুশফিক। ততক্ষণে অবশ্য শক্ত ভিত পেয়ে যায় রূপগঞ্জ।
মুশফিক আউট হওয়ার পর শতক পূর্ণ করেন নাইম ইসলামও। ১১৩ বলে সেঞ্চুরি করেন জাতীয় দলের সাবেক এই ব্যাটসম্যান। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৫ উইকেটে ৩০৫ রান করেছে রূপগঞ্জ।
জবাবে দ্বিতীয় ওভারে আউট হয়ে ফিরে আসেন ইমরুল কায়েস। মাহমুদুল হাসানের বলে বোল্ড হন এই তারকা ব্যাটসম্যান। এরপর উইকেটের যাওয়া আসাটা আর ঠেকাতে পারেনি শেখ জামাল। দলের হয়ে সবোর্চ্চ ৪২ রান করেন জিয়াউর রহমান। এ ছাড়া মাহবুবুল করিম ৩৬, ফজলে মাহমুদ ৩৩ ও সোহাগ গাজী করেন ২৪ রান। রূপগঞ্জের মোহাম্মদ শরিফ, মোশাররফ হোসেন রুবেল, আফিফ হাসান ও নাঈম ইসলাম নেন দুটি করে উইকেট। মাশরাফি ও মাহমুদুল নেন একটি করে উইকেট। ম্যাচ সেরা হয়েছেন মুশফিকুর রহিম।

স্পোর্টস ডেস্ক