শেষ পর্যন্ত দল পেলেন ইরফান পাঠান
এবারের আইপিএলে সবচেয়ে বড় বিস্ময় ছিল ইরফান পাঠানের দল না পাওয়াটা। কোনো ফ্যাঞ্চাইজিই এই অলরাউন্ডারকে কিনতে আগ্রহ দেখায়নি। ৫০ হাজার রুপি ভিত্তিমূল্যের এই অলরাউন্ডার অবিক্রিত থাকায় অবাক হয়েছিলেন সবাই। এ নিয়ে বেশ হতাশ ছিলেন এক সময় ভারতীয় জাতীয় দলের সবচেয়ে বড় তারকা ইরফান পাঠানও। তবে আসরের মাঝামাঝি সময় এসে হতাশা কাটল তাঁর। ক্যারিবীয় তারকা অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর ইনজুরি শেষ পর্যন্ত ইরফানের আইপিএল দরজা খুলে দিল।
আসরের শুরু থেকেই গুজরাট লায়ন্সের সঙ্গে ছিলেন ডোয়াইন ব্রাভো। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে শেষ পর্যন্ত তাঁকে ছেড়ে দিতে বাধ্য হচ্ছে দলটি। তাঁর স্থলাভিষিক্ত হবেন ইরফান পাঠান।
ইরফান পাঠান এ পর্যন্ত আগের নয়টি আসরে পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। এখন পর্যন্ত ১০২ ম্যাচে এক হাজার ১৩৭ রান করেন ইরফান। বল হাতে উইকেট নিয়েছেন ৮০টি।
এবারের আসরে তারকা সমৃদ্ধ দল গড়লেও মোটেও ভালো করতে পারছেন না গুজরাট লায়ন্স। ৭ ম্যাচে মাত্র দুটিতে জয় পেয়েছে সুরেশ রায়নার দল। ইরফানের অন্তর্ভুক্তিতে দলের শক্তি বৃদ্ধি পাবে বলে মনে করছেন গুজরাটের ভক্ত-সমর্থকরা।

স্পোর্টস ডেস্ক