ম্যাচ ফি মাত্র ৬০০ টাকা!
বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের তালিকায় বাংলাদেশের অবস্থান পঞ্চম। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার ওপরে রয়েছে বাংলাদেশ। আগামী আট বছরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে প্রায় ১০ লাখ ডলারের বেশি আয় করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ ছাড়া তাদের নিজস্ব আয় তো রয়েছেই।
জাতীয় চ্যাম্পিয়নশিপে সেই বাংলাদেশের নারী ক্রিকেটারদের ম্যাচ ফি কত, তা শুনে অনেকেই অবাক হবেন। সেই টাকা হাজার অবধিও না—মাত্র ৬০০ টাকা!
অথচ জাতীয় ক্রিকেট লিগের প্রথম স্তরে ছেলেদের ম্যাচ ফি ২৫ হাজার টাকা। আর দ্বিতীয় স্তরে ২০ হাজার। বিসিএলে ম্যাচ ফি আরো বেশি—৫০ হাজার টাকা।
আগামী ১৬ মে থেকে আটটি বিভাগীয় দলকে নিয়ে কক্সবাজারে শুরু হবে মেয়েদের জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ। তার আগে সম্প্রতি বিসিবি নারী কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।
কেন এত কম ম্যাচ ফি? এ ব্যাপারে বিসিবির নারী কমিটির চেয়ারম্যান আউয়াল চৌধুরী বলেন, ‘বাস্তবতা হচ্ছে নারী ক্রিকেট দলের জন্য আলাদা কোনো স্পন্সর নেই, ছেলেদের জন্য যে রকম স্পন্সর আসছে। আমরা চেষ্টা করছি। কিন্তু কোনো স্পন্সর এগিয়ে আসছে না।’
প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচ ফির বাইরেও ছেলেদের জন্য মাসিক বেতন আছে। এখন চুক্তিবদ্ধ ক্রিকেটার ৮৫ জন। কিন্তু মেয়েদের কেন্দ্রীয় চুক্তির বাইরের আর কোনো বেতন-ভাতা নেই। কেন্দ্রীয় চুক্তিতে বেতন তিনটি গ্রেডে ৩০, ২০ ও ১০ হাজার টাকা।

ক্রীড়া প্রতিবেদক