বিশ্বকাপের বাকি ১৩ দিন
ধার করা বুট পরেই অবিশ্বাস্য বিশ্ব রেকর্ড
গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপের পর্দা উঠতে বাকি আর মাত্র ১৩ দিন। দিন যত ঘনিয়ে আসছে, ফুটবলপ্রেমীদের মাঝে বিশ্বমঞ্চের পুরোনো সব রোমাঞ্চকর ইতিহাস নিয়ে আগ্রহ বাড়ছে।
বিশ্বকাপের ইতিহাসে একটি নির্দিষ্ট আসরে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটি কার, এই প্রশ্ন উঠলেই সবার আগে চোখের সামনে ভেসে ওঠে ফ্রান্সের কিংবদন্তি স্ট্রাইকার জাস্ত ফন্টেইনের নাম। ১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপে মাত্র ৬ ম্যাচ খেলে অবিশ্বাস্য ১৩টি গোল করেছিলেন তিনি, যা আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি।
তবে এই বিশ্ব রেকর্ডের পেছনে লুকিয়ে আছে এক চমৎকার ও সিনেমার মতো গল্প। ধার করা বুট পরে মাঠে নেমেই ফুটবল দুনিয়া ওলটপালট করে দিয়েছিলেন ফন্টেন।
বিশ্বকাপের একটি নির্দিষ্ট আসরে সর্বোচ্চ গোল করার তালিকায় ফন্টেইনের ধারেকাছেও নেই বর্তমান তারকাদের কেউ। সর্বোচ্চ ১৩টি গোল করে সবার ওপরে আছেন তিনি। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন হাঙ্গেরির স্যান্ডর কোকসিস। তিনি করেছিলেন ১১টি গোল।
এক আসরে সর্বোচ্চ গোলের এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন পশ্চিম জার্মানির গার্ড মুলারা (১০ গোল), চতুর্থ স্থানে রয়েছেন ব্রাজিলের আদেমির দে মেনেজেস (৯ গোল) ও পঞ্চম স্থানে রয়েছেন পর্তুগালের ইউসেবিও (৯ গোল)।
১৯৫৮ সালের বিশ্বকাপে ফ্রান্সের মূল একাদশে খেলার তেমন কোনো আশাই ছিল না ফন্টেইনের। আর তাই কিছুটা নিয়ম অমান্য করেই সুইডেনের বিমানে ওঠার সময় নিজের সঙ্গে মাত্র এক জোড়া বুট নিয়েছিলেন তিনি।
কিন্তু ভাগ্য যেন অন্য কিছু লিখে রেখেছিল। বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে ফ্রান্স দলের কয়েকজন প্রধান খেলোয়াড় চোটে পড়ায় বাধ্য হয়ে প্যারাগুয়ের বিপক্ষে উদ্বোধনী ম্যাচের দলে ফন্টেইনকে সুযোগ দেন কোচ আলবার্ট বাত্তেউক্স।
সুযোগ পেয়ে ফন্টেইন যখন আনন্দে আত্মহারা, ঠিক তখনই নেমে আসে ঘোর অন্ধকার। বিশ্বকাপের শেষ অনুশীলন সেশনে তার একমাত্র বুট জোড়া ছিঁড়ে যায়! সেই মুহূর্তের কথা মনে করে ফন্টেইন বলেছিলেন, ‘আমি একেবারে ভেঙে পড়েছিলাম। আমার মনে হয়েছিল বিশ্বকাপের মঞ্চে খেলার এত বড় সুযোগটি আমি চিরতরে হারিয়ে ফেললাম।’
ফন্টেইনের এই বিপদের দিনে ত্রাতা হয়ে এগিয়ে আসেন তার দলেরই আরেক ফুটবলার স্টেফেন ব্রুয়ি। মজার বিষয় হলো, মূল একাদশে জায়গা পাওয়ার লড়াইয়ে ব্রুয়ি ছিলেন ফন্টেইনেরই প্রতিযোগী এবং পুরো দলে কেবল তার জুতার সাইজই ফন্টেইনের পায়ের সাথে মিলত।
নিজের সুযোগ হাতছাড়া হওয়ার ঝুঁকি থাকা সত্ত্বেও ব্রুয়ি উদারতা দেখিয়ে নিজের বুট জোড়া ফন্টেইনকে ধার দেন। আর সেই ধার করা বুট পায়ে দিয়েই মাঠে নেমে ‘জাস্তো’ যা করেছিলেন, তা ফুটবল ইতিহাসে রূপকথা হয়ে আছে। পুরো টুর্নামেন্টে প্রতি ৪২ মিনিটে গড়ে একটি করে গোল করার অবিশ্বাস্য রেকর্ড গড়েন তিনি।
ধার করা বুট পরে ফন্টেইন প্রথম ম্যাচেই প্যারাগুয়ের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন। এরপর যুগোস্লাভিয়ার বিপক্ষে জোড়া গোল করেন। স্কটল্যান্ডের বিপক্ষে দলের হয়ে জয়সূচক একমাত্র গোলটিও আসে তার পা থেকে। উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষেও জোড়া গোল করেন জাস্ত।
পরে সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে করেন একটি গোল। তবে সেমিফাইনালে ব্রাজিলের কাছে হেরে যায় তার দল। এরপর তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে পশ্চিম জার্মানির বিপক্ষে একাই ৪ গোল করে এই কীর্তি গড়েন জাস্ত।

স্পোর্টস ডেস্ক