রাতে লন্ডনে যাচ্ছেন মাশরাফি
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ জাতীয় দল এখন ইংল্যান্ডে রয়েছে। সাসেক্সে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প করছে তামিম-মুশফিকরা। ২৬ এপ্রিল দলের সঙ্গে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন মাশরাফি বিন মুর্তজা। তবে স্ত্রী-সন্তানের অসুস্থতার খবর শুনে ৩০ এপ্রিল দেশে ফিরে আসেন ম্যাশ। এর পর থেকে পরিবারের সঙ্গেই রয়েছেন জাতীয় দলের অধিনায়ক। বর্তমানে কিছুটা ভালোর দিকে মাশরাফির স্ত্রী-সন্তান। আর সেই কারণে আবার ইংল্যান্ডে যাচ্ছেন মাশরাফি। আজ রাতের ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন দেশসেরা এই অধিনায়ক।
এর আগে গতকাল শুক্রবার মধ্যরাতে লন্ডনের উদ্দেশে রওনা হন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। আজ বিকেলে তাঁদের সেখানে পৌঁছানোর কথা।
দশদিনের এই কন্ডিশনিং ক্যাম্পে এরই মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। দুটিতেই দুর্দান্ত খেলেছেন টাইগাররা। ডিউক অব নরকোফের বিপক্ষে মুশফিকের শতক ও সৌম্য সরকারের অর্ধশতকে ৩৪৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত না হলে ম্যাচে বাংলাদেশের জয়ের সম্ভাবনাই বেশি ছিল।
গতকাল শুক্রবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সাসেক্স একাদশকে হারায় বাংলাদেশ। বাংলাদেশের ছুড়ে দেওয়া ৩১৪ রানের জবাবে ১৮০ রানে গুটিয়ে যায় স্বাগতিক দলটির ইনিংস। তাই ১৩৪ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে মুশফিকুর রহিমের দল। ইমরুল কায়েস করেন ৯২ রান। অন্যদের মধ্যে মিরাজ ৬০ ও সাব্বির করেন ৫২ রান।
সাসেক্সে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প করে ৭ মে আয়ারল্যান্ডে যাবে মাশরাফি বাহিনী। ১২ মে আয়ারল্যান্ডে হবে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ। উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে প্রথম ম্যাচ খেলতে পারবেন না মাশরাফি। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে এক ম্যাচ নিষিদ্ধ হন ম্যাশ। ত্রিদেশীয় সিরিজের পর চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি হিসেবে ২৭ মে পাকিস্তান ও ৩০ মে ভারতের সঙ্গে খেলবে বাংলাদেশ। ১ জুন স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মাশরাফিদের চ্যাম্পিয়নস ট্রফির যাত্রা।

স্পোর্টস ডেস্ক