কেমন হলো ভারতের চ্যাম্পিয়নস ট্রফির দল?
আইসিসির বেঁধে দেওয়া ডেটলাইনের বেশ কিছুদিন পর ঘোষণা করা হয়েছে ভারতের চ্যাম্পিয়নস ট্রফির দল। এত নাটকীয়তার পর যে চূড়ান্ত দলটি শেষ পর্যন্ত বেছে নেওয়া হয়েছে, তা এখনই পড়েছে বেশ সমালোচনার মুখে। এই দল নিয়ে ভারত চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিততে পারবে কি না, তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। দলের বেশিরভাগ তারকাই নেই ফর্মে। অন্তত আইপিএলের পরিসংখ্যান এমনটাই বলছে।
ভারত চ্যাম্পিয়নস ট্রফির জন্য যে দল ঘোষণা করেছে, তাতে বেশিরভাগ ক্রিকেটারই সেরা ফর্মে নেই। ব্যাট হাতে রোহিত শর্মা, আজিঙ্কা রাহানে, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, রবীন্দ্র জাদেজারা মোটেও ছন্দে নেই।
এবারের আইপিএলে মোটেও ভালো করেননি ওপেনার রোহিত শর্মা। ১১ ম্যাচে করেছেন ১৮৫ রান। গড় ২২! স্ট্রাইক রেট ১২০-এর কাছাকাছি। ১২ ম্যাচে ২৪৮ রান করলেও ছন্দে নেই আজিঙ্কা রাহানে। স্ট্রাইক রেট মাত্র ১১৯! ১২ ম্যচে ২৪৮ রান করেছেন কেদার যাদব। হাফ সেঞ্চুরি করেছেন মাত্র একটি ম্যাচে। আইপিএলে সুপার ফ্লপের তালিকায় রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ১২ ম্যচে ২৩৫ রান করলেও এবারের আসরে মোটেও তাঁর সহজাত খেলা খেলতে পারেননি ধোনি। ২০৬ বল খেলা ধোনির স্ট্রাইক রেট মাত্র ১১৪!
গৌতম গম্ভীর, সুরেশ রায়না, রবীন উথাপ্পারা যখন ম্যচের পর ম্যাচ রানের ফুলঝুরি ছুটিয়েছেন, যুবরাজ সিং তখন ছিলেন অনেকটাই নিষ্প্রভ। আসরে দুটি মাত্র হাফ সেঞ্চুরি করেছেন যুবি। যেখানে উথাপ্পা পাঁচটি, গম্ভীর চারটি, রায়না তিনটি ম্যাচে হাফ সেঞ্চুরি করেছেন। ১০ ম্যাচে ২৩৪ রান করে যুবরাজ সিং রয়েছেন চ্যাম্পিয়নস ট্রফির দলে। ব্যাটসম্যান হিসেবে তার চেয়ে দ্বিগুণের বেশি রান করা রায়না রয়েছেন স্ট্যান্ডবাই হিসেবে!
ফর্মে নেই খোদ অধিনায়ক বিরাট কোহলি। এবারের আইপিএলের সবচেয়ে বড় ফ্লপ তারকা তিনি। ১২ ম্যাচের মাত্র দুটিতে দলকে জেতাতে পেরেছেন কোহলি। নয় ম্যাচে করেছেন মাত্র ২৫০ রান। তিনটি হাফ সেঞ্চুরি থাকলেও প্রতিটি ম্যাচেই হেরেছে তাঁর দল।
কেবল ব্যাটসম্যানরাই নয়, দলের সেরা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও নেই আশপাশে। ১০ ম্যাচে করেছেন ১২৫! বল হাতে আরো ফ্লপ জাদেজা। পবন নেগি, যুবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেলের মতো স্পিনাররা যেখানে ম্যাচপ্রতি একের বেশি উইকেট নিয়েছেন, জাদেজা সেখানে পেয়েছেন মাত্র পাঁচটি উইকেট।
ভারতীয় পেসাররা এবারের আইপিএলে ভালোই করেছেন। উমেশ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সামি, ভুবনেশ্বর কুমাররা নিজেদের সুনাম অক্ষুণ্ণ রেখে চলেছেন এখন পর্যন্ত। এখন দেখা যাক, এই দল নিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে কতটা কী করতে পারে ভারত।
ভারতীয় দল : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, যুবরাজ সিং, আজিঙ্কা রাহানে, মনিশ পান্ডে, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডে, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরা, উমেশ যাদব ও মোহাম্মদ সামি।

স্পোর্টস ডেস্ক