কেন অহেতুক আত্মাহুতি?
মাঠে গড়িয়েছে আয়ারল্যান্ড-বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ। অনুমিতভাবেই ইংলিশ কন্ডিশনে কিছুটা ধুঁকছে বাংলাদেশ। ডাবলিনের মালাহাইডে প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে চেপে ধরেছে আয়ারল্যান্ড। আইরিশ বোলারদের চেয়ে কন্ডিশনই বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে দেখা দিয়েছে। প্রথম ৭০ রানেই চার উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। টপ অর্ডার হারিয়ে এই মুহূর্তে কিছুটা ব্যাকফুটে লাল-সবুজের দল। তবে স্বাগতিক বোলারদের উইকেটপ্রাপ্তিতে বাংলাদেশের ব্যাটসম্যানদেরও অবদান কম নয়।
ইনিংসের দ্বিতীয় ওভারে পিটার চেজের দারুণ এক শর্টপিচ বলে উইকেটের পেছনে ক্যাচ দেন সৌম্য সরকার। এরপর উইকেটে এসে নিজেকে কিছুতেই মানিয়ে নিতে পারছিলেন না সাব্বির রহমান। তিন বল খেলার পর চতুর্থ বলে আক্রমণাত্মক খেলতে গিয়ে উইকেট বিলিয়ে আসেন তিনি। কোনোভাবে শট খেলার পজিশনে ছিলেন না সাব্বির।
৯ রানে দুই উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশ দলকে উদ্ধারে এগিয়ে আসেন তামিম ও মুশফিক। এই দুজন যোগ করেন ৩৮ রান। দলীয় ৪৭ রানে ম্যাককার্থির বলটাতে স্লিপে ক্যাচ দিয়ে ফিরে আসেন মুশফিক। উইকেটে এসেই আইরিশ বোলারদের ওপর চড়াও হওয়ার চেষ্টা করেন সাকিব। অতি আক্রমণাত্মক হওয়ার ফলটাও হাতেনাতে পেয়ে যান সাকিব। চেজের অফস্টাম্পের অনেক বাইরে থাকা একটি বলে তেড়েফুড়ে মারতে গিয়ে উইকেট দিয়ে আসেন সাকিব।
প্রথম ম্যাচে আইরিশ বোলাররা খুব একটা ভালো বল করেছে সেটা বলার উপায় নেই। কারণ ২০ ওভারে ১৩টি ওয়াইড বল দিয়ে ফেলেছে দলটির বোলাররা। বাংলাদেশ দল যে চারটি উইকেট হারিয়েছে তার অন্তত দুটি উইকেট বিলিয়ে এসেছেন টাইগার ব্যাটসম্যানরা।

স্পোর্টস ডেস্ক