নবাগত সাইফ স্পোর্টিংয়ে হোঁচট খেল আবাহনী
মৌসুম শুরুর আগে ভারতে বেশ কিছুদিন অনুশীলন ক্যাম্প করেছিল তারা। কলকাতায় খেলেছিল কয়েকটি প্রস্তুতি ম্যাচও। বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবাগত দল সাইফ স্পোর্টিং এর ফল পেয়েছে মৌসুম-সূচক টুর্নামেন্ট ফেডারেশন কাপে। আসরের উদ্বোধনী ম্যাচেই তারা আটকে দিয়েছে ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেডকে।
আজ শনিবার ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে হোঁচট খেয়েছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ১-১ ড্র হয়েছে।
ম্যাচের শুরুতেই দুই দলের খেলোয়াড়রা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ত্রয়োদশ মিনিটে একটি ফাউলকে কেন্দ্র করে একে অপরকে লাথি মারেন তপু বর্মণ ও মামুন মিয়া। রেফারি দুজনকেই লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন।
প্রথমার্ধের ইনজুরি সময়ে এগিয়ে যায় আবাহনী। রায়হান হাসানের লম্বা থ্রোয়ে নাইজেরীয় এমেকার হেডে লক্ষ্য ভেদ করেন।
৬৯তম মিনিটে সাইফে স্পোর্টিংয়ের রহমত মিয়ার বুদ্ধিদ্বীপ্ত পাস ধরে ডান দিক দিয়ে আক্রমণে ওঠেন জুয়েল রানা। জাতীয় দলের এই তরুণ ফরোয়ার্ডের ক্রসে ইব্রাহিমের ব্যাকহিল ঠিকানা খুঁজে পায় আবাহনীর জাল।
শেষ পর্যন্ত এই ১-১ গোলের ব্যবধানেই ম্যাচ শেষ হয়। তাই পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।

ক্রীড়া প্রতিবেদক