চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে আশাবাদী আমলা
বাংলারদেশে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির প্রথম আসরটা জিতেছিল দক্ষিণ আফ্রিকা। ওটাই শেষ। এরপর আইসিসি আয়োজিত আর কোনো টুর্নামেন্ট জিততে পারেনি দলটি। তবে এবারের কথা ভিন্ন। ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষস্থানটা দক্ষিণ আফ্রিকার দখলে। সর্বশেষ ১৬টি ম্যাচের ১৪টিতেই জয়ের দেখা পেয়েছে দলটি। সাম্প্রতিক রেকর্ডটিই বলছে এবারের চ্যাম্পিয়নস ট্রফির অন্যতম দাবিদার এবি ডি ভিলিয়ার্সের দক্ষিণ আফ্রিকা। এই আসরেও জয়ের ধারা বজায় রাখতে চান দলটির সেরা ব্যাটসম্যান হাশিম আমলা।
চ্যাম্পিয়নস ট্রফির আগে ইংল্যান্ডের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে প্রোটিয়ারা। টুর্নামেন্টের আগে এই সিরিজটি দক্ষিণ আফ্রিকাকে প্রতিযোগিতায় ভালো করতে সাহায্য করবে বলে মনে করছেন আমলা। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু হওয়ার আগে আমলা বলেন, ‘আমাদের এবারের দলটা দারুণ। বেশ কয়েক বছর ধরে এই দলটাই খেলাচ্ছি আমরা। এদের মধ্যে কয়েকজন তো দারুণ যেমন কুইন্টন ডি কক, কাগিসো রাবাদা, ওয়েইন পারনেল তারা তরুণ হলেও দারুণ অভিজ্ঞ। আশা করছি এই দলটা নিয়ে ইংল্যান্ড সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো খেলব আমরা।’
চ্যাম্পিয়নস ট্রফির আগে ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজটা নিজেদের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে দারুণ সাহায্য করবে বলে মনে করছেন আমলা। তিনি বলেন, ‘ইংল্যান্ডে এই সময়ে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটা চ্যালেঞ্জের। এই ম্যাচগুলো কন্ডিশনের সঙ্গে আমাদের মানিয়ে নিতে সাহায্য করবে।’
বুধবার লিডসে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। ২৭ ও ৩০ মে হবে সিরিজের বাকি তিনটি ম্যাচ। চ্যাম্পিয়নস ট্রফিতে ‘বি’ গ্রুপে খেলবে দক্ষিণ আফ্রিকা। প্রতিযোগিতায় তাদের প্রতিপক্ষ পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কা। ৩ জুন ওভালে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে প্রোটিয়ারা।

স্পোর্টস ডেস্ক