রয়ের বদলে বেয়ারস্টো, আমিরের জায়গায় রুম্মন
একে তো স্বাগতিক, তার ওপর ব্যাটিং-বোলিংয়ে দারুণ ফর্মে রয়েছে ইংল্যান্ড। তাই নিশ্চিতভাবে বলা যায়, এবারের শিরোপার জন্য টুর্নামেন্টের অন্যতম ফেভারিট মরগানের দল। তবে দলটার একটাই সমস্যা, রানখরায় ভুগছেন ওপেনার জেসন রয়। তবে ফাইনালে ওঠার লড়াইয়ে সেই বিষফোড়াটাও ছেঁটে ফেলল স্বাগতিকরা। জেসন রয়কে বাদ দিয়ে জনি বেয়ারস্টোকে মূল একাদশে ফেরাচ্ছে ইংল্যান্ড।
এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে তিনটি ম্যাচেই দুর্দান্ত জয় পেয়েছে ইংল্যান্ড। প্রথম ম্যাচে বাংলাদেশকে উড়িয়ে দেয় স্বাগতিকরা। বাংলাদেশ ৩০৪ রান করলেও মাত্র দুই উইকেট হারিয়ে টাইগারদের দেওয়া লক্ষ্যে পৌঁছে যায় রুট-মরগানরা। পরের ম্যাচে নিউজিল্যান্ডকেও সহজে হারায় ইংল্যান্ড। দারুণ ব্যাটিং করে ৩১০ রান সংগ্রহ করে মরগানরা। জবাবে নিউজিল্যান্ড গুটিয়ে যায় ২২৩ রানে। তৃতীয় ম্যাচে তো মহাকাব্যিক ব্যাটিং করে ইংল্যান্ডকে জয় এসে দেন বেন স্টোকস ও ইয়ন মরগান।
তবে এ তিনটি ম্যাচের একটিতে রান পাননি জেসন রয়। ওয়ানডেতে সর্বশেষ হাফসেঞ্চুরি করেন নয় ম্যাচ আগে! এরপর নয় ইনিংসে ৬৮ রান করেছেন তিনি। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রান না পেলেও চ্যাম্পিয়নস ট্রফিতে তাঁকে সুযোগ দেন নির্বাচকরা। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি রয়।
তবে সেমিফাইনালে তাঁকে আর সুযোগ দিতে নারাজ টিম ম্যানেজমেন্ট। কারণ, দলের বাইরে বসে রয়েছেন জনি বেয়ারস্টো ও স্যাম বিলিংসের মতো ব্যাটসম্যানরা। আজ বেয়ারস্টোকে পরখ করে দেখতে চায় ইংল্যান্ড। এদিকে, পাকিস্তান দলে নেই দলটির সেরা বোলার মোহাম্মদ আমির। কোমরে ব্যথা পেয়েছেন তিনি। এই পেসারের বদলে বাঁহাতি পেসার রুম্মন রইসকে দলে ভেড়ানো হয়েছে।

স্পোর্টস ডেস্ক