সাঙ্গাকারার শতকের শতক!
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন ২০১৫ সালেই। কাউন্টি ক্রিকেটের এবারের মৌসুম শেষে সব ধরনের ক্রিকেট থেকেই অবসর নেবেন শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা। বিদায়বেলায় যেন নিজেকে নতুন করে মেলে ধরছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। সারের হয়ে এবারের কাউন্টি মৌসুমটা কাটাচ্ছেন স্বপ্নের মতো। একের পর এক শতক করে শতকের শতকও করে ফেলেছেন শ্রীলঙ্কার সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।
গতকাল মঙ্গলবার ইয়র্কশায়ারের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে সাঙ্গাকারা খেলেছেন ১২১ বলে ১২১ রানের দারুণ এক ইনিংস। এটি ছিল এবারের কাউন্টি মৌসুমে তাঁর সপ্তম শতক। আর এই শতকটি করে তিনি শতকের শতক করার বিরল কীর্তি গড়েছেন।
সাঙ্গাকারার এই ১০০টি শতকের ৬১টিই এসেছে প্রথম শ্রেণির ক্রিকেটে। আর ৩৯টি শতক এসেছে লিস্ট ‘এ’ ফরম্যাটে। টেস্টে সাঙ্গাকারা করেছেন ৩৮টি শতক। ওয়ানডেতে ২৫টি।
ক্রিকেট ইতিহাসের ৩৭তম ব্যাটসম্যান হিসেবে সব ধরনের ক্রিকেট মিলিয়ে শতকের শতক করেছেন সাঙ্গাকারা। বসে গেছেন ডন ব্রাডম্যান, শচীন টেন্ডুলকার, ডব্লিউজি গ্রেস, জ্যাক হবসদের মতো কিংবদন্তিদের পাশে।
সব ধরনের ক্রিকেট মিলিয়ে সবচেয়ে বেশি শতকের রেকর্ড আছে ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার জ্যাক হবসের দখলে। ১৯০৮ থেকে ১৯৩০ সাল পর্যন্ত ক্রিকেট মাঠ দাপিয়েছেন হবস। করেছেন ১৯৯টি শতক। তাঁর সব শতকই এসেছে প্রথম শ্রেণির ক্রিকেটে।

স্পোর্টস ডেস্ক