অবসর ভেঙে চার বছর পর কোর্টে ফিরছেন সেরেনা
সব বিদায়ই যেনো শেষ নয়। ভক্তদের উন্মাদনায় মাতাতে অবসর ভেঙে আবারও টেনিসের কোর্টে ফিরছেন সর্বকালের অন্যতম সেরা তারকা সেরেনা উইলিয়ামস। ২০২২ সালের ইউএস ওপেনের পর টেনিস র্যাকেট চিরতরে তুলে রেখেছিলেন তিনি। তবে সম্প্রতি গুঞ্জন উঠেছে, আবারও টেনিস কোর্টে ফিরছেন সেরেনা।
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৮ জুন থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের ডাবলস ইভেন্টে ওয়াইল্ডকার্ড নিয়ে খেলতে পারেন ৪৪ বছর বয়সী এই মার্কিন কিংবদন্তি। ২০২২ সালে টেনিসকে বিদায় জানালেও ২০২৬ সালের এই সম্ভাব্য প্রত্যাবর্তন হুট করে হয়নি। এর পেছনে রয়েছে দীর্ঘদিনের নীরব প্রস্তুতি।
টেনিসের আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় অবসরের পর প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরতে চাইলে বাধ্যতামূলকভাবে ডোপ টেস্টের পুলে থাকতে হয়। সেরেনা গত বছরই বেশ গোপনে আন্তর্জাতিক টেনিসের অ্যান্টি-ডোপিং পুলে নিজের নাম নিবন্ধন করেছিলেন।
চলতি বছেরের গত ২২ ফেব্রুয়ারি তার ৬ মাসের বাধ্যতামূলক ডোপ টেস্টের মেয়াদ শেষ হয়েছে। ফলে এখন ডব্লিউটিএ ট্যুরে ম্যাচ খেলার জন্য সেরেনার আর কোনো আইনি বা মেডিকেল বাধা নেই।
সেরেনার এই ফেরার খবরের পেছনে বড় ইঙ্গিত দিয়েছে তার সাম্প্রতিক অবিশ্বাস্য শারীরিক পরিবর্তন। গত কয়েক মাস ধরেই মার্কিন সংবাদমাধ্যমগুলোতে সেরেনার অতিরিক্ত ওজন কমানো নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছিল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সেরেনা নিজেই জানান, তিনি কঠোর জিম, সাইক্লিং এবং দিনে প্রায় ৫ ঘণ্টা হাড়ভাঙা পরিশ্রম করে গত ৮ মাসে প্রায় ১৪ কেজি (৩১ পাউন্ড) ওজন কমিয়েছেন। ওজন কমানোর এই কঠিন মিশনকে তিনি টেনিস কোর্টের কোনো শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার মতোই দেখেছিলেন। বর্তমানে তিনি একটি হাফ-ম্যারাথনে দৌড়ানোর মতো দারুণ ফিটনেস অর্জন করেছেন।
কুইন্স ক্লাবের টুর্নামেন্ট কমিটি সাধারণত ব্রিটিশ খেলোয়াড়দের ওয়াইল্ডকার্ড দেওয়ার ক্ষেত্রে বেশি অগ্রাধিকার দিয়ে থাকে। তবে সেরেনা উইলিয়ামসের মতো সর্বকালের সেরা খেলোয়াড়ের ফেরার বাণিজ্যিক ও ঐতিহাসিক গুরুত্ব অনেক বেশি। আর সে কথা বিবেচনা করে লন টেনিস অ্যাসোসিয়েশন তাকে বিশেষ বিবেচনায় ওয়াইল্ডকার্ড দিতে পুরোপুরি প্রস্তুত।

স্পোর্টস ডেস্ক