প্রতিশোধ নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি রিবাকিনা
বছরের প্রথম গ্র্যান্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককের শিরোপা জিতলেন এলিনা রিবাকিনা। আজ শনিবার (৩১ জানুয়ারি) শীর্ষ নারী বাছাই আরিনা সাবালেঙ্কাকে হারিয়েছেন কাজাখস্তানের এই তারকা। মেলবোর্নের রড লেভার অ্যারেনায় ২ ঘণ্টা ১৮ মিনিটের লড়াইয়ে ৬-৪, ৪-৬, ৬-৪ সেটের জয় তুলে নেন রিবাকিনা। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম শিরোপা।
২৬ বছর বয়সী রিবাকিনা এর আগে ২০২২ সালে উইম্বলডনের শিরোপা জিতেছিলেন। ২০২৩ সালের অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সাবালেঙ্কার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল রিবাকিনার। তিন বছর পর যেন সেই প্রতিশোধই নিলেন তিনি।
মেলবোর্নে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে ছাদ বন্ধ রেখে ম্যাচ শুরু হয়। শুরুতেই রিবাকিনা সার্ভিস ব্রেক করে নিজের সার্ভিস ধরে ২-০’তে লিড নেন। ৪-৩ ব্যবধানে এগিয়ে থাকা অবস্থায় তিনি দুটি ব্রেক পয়েন্টের মুখে পড়েন, তবে একটি এসসহ দারুণ সার্ভিস করে বিপদ কাটিয়ে ওঠেন, এতে সাবালেঙ্কাকে স্পষ্টতই হতাশ দেখায়।
রিবাকিনা পুরোপুরি ছন্দে থেকে ৩৭ মিনিটে প্রথম সেট পয়েন্টেই সাবালেঙ্কার শটটি বাইরে চলে গেলে সেটটি জিতে নেন ।
অবিশ্বাস্য হলেও, এটি ছিল ২০২৬ সালে সাবালেঙ্কার প্রথম সেট হার।
দ্বিতীয় সেটের দ্বিতীয় গেমটি ছিল উত্তেজনায় ঠাসা। ১০ মিনিটের লড়াইয়ে রিবাকিনা তিনটি ব্রেক পয়েন্ট বাঁচান। এরপর দু’জনই সার্ভিস ধওে রেখে এগিয়ে যেতে থাকেন। সপ্তম গেমে দীর্ঘ র্যালির পর সাবালেঙ্কা ৪-৩ ব্যবধানে এগিয়ে যান।
চাপ বাড়তে থাকে এবং ৫-৪ ব্যবধানে এগিয়ে থেকে সাবালেঙ্কা রিবাকিনার সার্ভিসে তিনটি সেট পয়েন্ট পান। প্রথম সুযোগেই তিনি ম্যাচ সমতায় আনেন এবং ফাইনাল গড়ায় নির্ধারণী সেটে।
এবার ম্যাচের নিয়ন্ত্রণে ছিলেন সাবালেঙ্কা। দারুণ এক ব্যাকহ্যান্ডে ব্রেক করে ২-০, পরে সার্ভিস ধরে ৩-০’তে লিড নেন। ফাইনালে ওঠার পথে কোনো সেট না হারানো রিবাকিনাকে তখন কিছুটা বিচলিত মনে হচ্ছিল। তবে তিনি নিজেকে গুছিয়ে সার্ভিস ধরে রাখেন এবং পরে ব্রেক ফিরিয়ে আনেন। ৩-৩ সমতায় শিরোপা যেন যে কারও দিকে যেতে পারত।
কিন্তু দুর্দান্ত ছন্দে থাকা রিবাকিনা টানা চতুর্থ গেম জিতে ৪-৩ ব্যবধানে ব্রেক করেন, এরপর সার্ভিস ধরে রেখে রোমাঞ্চকর জয়ের একদম কাছাকাছি পৌঁছে যান।শেষ পর্যন্ত ম্যাচের ষষ্ঠ এসটি মেরে শিরোপা নিশ্চিত করেন রিবাকিনা।

স্পোর্টস ডেস্ক