জোকোভিচের অপেক্ষা বাড়িয়ে আলকারাজের ইতিহাস
অভিজ্ঞতার কাছে হার না মেনে তারুণ্যের শক্তিতে মেলবোর্ন জয় করলেন কার্লোস আলকারাজ। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে কিংবদন্তি নোভাক জোকোভিচকে সরাসরি সেটে না হলেও দাপটের সঙ্গেই হারিয়েছেন তিনি। এই জয়ের মাধ্যমে ক্যারিয়ারের প্রথম অস্ট্রেলিয়ান ওপেন জেতার পাশাপাশি ইতিহাস গড়েছেন ২২ বছর বয়সী এই তরুণ।
আজ রোববার (১ ফেব্রুয়ারি) মেলবোর্ন পার্কের ফাইনালে জোকোভিচকে ২-৬, ৬-২, ৬-৩, ৭-৫ ব্যবধানে পরাজিত করেন আলকারাজ। জয় নিশ্চিত হতেই আবেগে কোর্টেই শুয়ে পড়েন বর্তমান বিশ্বের এক নম্বর এই তারকা।
এই জয়ের মাধ্যমে টেনিসে নতুন ইতিহাস লিখেছেন আলকারাজ। মাত্র ২২ বছর বয়সে ক্যারিয়ারের চারটি প্রধান শিরোপাই (অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন) জিতে নিলেন তিনি।
এর আগে ২৪ বছর বয়সে এই রেকর্ড গড়েছিলেন স্প্যানিশ কিংবদন্তি রাফায়েল নাদাল। দীর্ঘদিনের সেই রেকর্ড ভেঙে আলকারাজ এখন সবচেয়ে কম বয়সী ‘ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম’ জয়ী তারকা।
ম্যাচের শুরুটা অবশ্য বেশ ভালো করেছিলেন ৩৮ বছর বয়সী জোকোভিচ। প্রথম সেটে নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আলকারাজকে চাপে ফেলে দেন তিনি।
দ্বিতীয় সেট থেকেই অবশ্য ঘুরে দাঁড়ান আলকারাজ। নিজের গতি আর শক্তির ঝলক দেখিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নেন। জোকোভিচ লড়াই করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত আলকারাজের গতির কাছে হার মানতে বাধ্য হন।
অন্যদিকে, এই হারে জোকোভিচের ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জেতার স্বপ্ন আরও দীর্ঘায়িত হলো। ২০২৩ সালের ইউএস ওপেন জেতার পর থেকে তিনি ২৪টি শিরোপা নিয়ে মার্গারেট কোর্টের পাশে যৌথভাবে চূড়ায় বসে আছেন। এককভাবে ইতিহাস গড়তে হলে তাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
আলকারাজ এখন পুরুষ টেনিসের মাত্র নবম খেলোয়াড় হিসেবে চারটি আলাদা গ্র্যান্ড স্ল্যাম জেতার মাইলফলক স্পর্শ করলেন। টেনিস বিশ্বের নতুন রাজপুত্র হিসেবে তিনি এখন সবার ওপরে।

স্পোর্টস ডেস্ক