বাংলাদেশের তরুণদের নিয়ে প্রোটিয়ারা সতর্ক
যে তরুণদের ‘ঝড়ে’ বিধ্বস্ত হয়েছে পাকিস্তান ও ভারত, তাদের নিয়ে দক্ষিণ আফ্রিকা সতর্ক। অতিথিদের টি-টোয়েন্টি অধিনায়ক ফাফ ডু প্লেসির আশঙ্কা, বাংলাদেশের তরুণ খেলোয়াড়রা ‘বিপজ্জনক’ হয়ে উঠতে পারেন এই সিরিজে। তাঁদের মোকাবিলা করা ‘চ্যালেঞ্জিং’ হবে বলেই মনে করছেন তিনি।
শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিপূর্ব সংবাদ সম্মেলনে ডু প্লেসি বলেন, ‘বাংলাদেশ দলে এখন তরুণ খেলোয়াড়দের আধিক্য। তাদের সম্পর্কে আমাদের ধারণা নেই বললেই চলে। বলাই বাহুল্য, তাদের বিপক্ষে এর আগে খেলার অভিজ্ঞতাও হয়নি। এই খেলোয়াড়দের মোকাবিলা করা তাই ভীষণ চ্যালেঞ্জিং হবে আমাদের জন্য। এই তরুণ খেলোয়াড়রা যে কোনো দলের জন্যই বিপজ্জনক।’
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের দুর্দান্ত পারফরম্যান্স। তবে টি-টোয়েন্টিতে স্বাগতিকদের অভিজ্ঞতায় বেশ পিছিয়েই রাখছেন ডু প্লেসি, ‘টি-টোয়েন্টিতে বাংলাদেশ এখনো অনেক অনভিজ্ঞ দল। তার কারণ টি-টোয়েন্টি ম্যাচ তাঁরা খুব কম খেলে থাকেন। তবে বাংলাদেশ যত বেশি খেলবে, ততই উন্নতি করবে। তখন আর তাদের পিছিয়ে রাখা যাবে না।’
রোববার প্রথম ম্যাচে দারুণ লড়াই হবে বলেই মনে করেন প্রোটিয়াদের টি-টোয়েন্টি অধিনায়ক, ‘পাকিস্তান ও ভারতের বিপক্ষে দারুণ খেলার কারণে বাংলাদেশের খেলোয়াড়দের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। ২০ ওভারের ক্রিকেটে অভিজ্ঞতায় পিছিয়ে থাকলেও কালকের ম্যাচে তারা আমাদের সহজে ছেড়ে দেবে না। ম্যাচটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আমার বিশ্বাস।’

ক্রীড়া প্রতিবেদক