আউট হওয়ার ধরন নিয়ে সৌম্যর দুশ্চিন্তা
ভারতের বিপক্ষে সিরিজে বড় কোনো ইনিংস খেলতে না পারলেও খুব একটা ব্যর্থ ছিলেন না সৌম্য সরকার। উদ্বোধনীতে খেলতে নেমে মাঝারিমানের কয়েকটি ইনিংস খেলে দলের সাফল্যে অন্যতম অবদান রাখেন তিনি। কিন্তু পরপর কয়েকটি ইনিংসে সেট হওয়ার পর আউট হয়ে যাওয়ায় কিছুটা চিন্তিত এই বাঁ-হাতি ব্যাটসম্যান। তা নিয়েই এখন কাজ করছেন বলে জানিয়েছেন তিনি।
সোমবার হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে সৌম্য বলেন, ‘ভারতের বিপক্ষে সিরিজে পরপর কয়েকটি ইনিংসে সেট হওয়ার পর আউট হয়েছি আমি, তা সত্য। বিষয়টা আমার জন্য আসলেও চিন্তার। তা নিয়েই এখন কাজ করছি। আশা করছি এই সিরিজেই ফল পাব।’
সেট হওয়ার পরও একজন ব্যাটসমস্যানের আউট হওয়াটা খুবই হতাশার বলে মনে করেন সাতক্ষীরার এই ক্রিকেটার, ‘সেট হওয়ার পর একজন ব্যাটসম্যানের চিন্তা থাকে ইনিংসটাকে আরো বড় করা। আর তা করতে না পারাটা একজন ব্যাটসম্যানের জন্য খুবই হতাশার। পরিশ্রম আর চেষ্টা করে যাচ্ছি এই জায়গা থেকে বেরিয়ে আসতে।’
এই বিষয় নিয়ে কোচের সঙ্গেও আলোচনা হয়েছে বলে জানান সৌম্য, ‘আউট হওয়ার ধরন নিয়ে কোচের সঙ্গে আমার আলোচনা হয়েছে। তিনি আমাকে পরামর্শ দিয়েছেন। সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছি।’
ভারতের বিপক্ষে সিরিজে সৌম্য একমাত্র টেস্টে ৩৭ রান করে আউট হন। পরে তিনটি ওয়ানডেতে তিনি করেছেন যথাক্রমে ৫৪, ৩৪ ও ৪০ রান। এই ইনিংসগুলোকে আরো বড় করতে পারেননি বলেই তাঁর যত চিন্তা।

ক্রীড়া প্রতিবেদক