বড় বাঁচা বেঁচে গেলেন রাজ্জাক
ব্যক্তিগত গাড়িতে করে ঢাকা ফেরার পথে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের কাশিয়ানী এলাকায় দুর্ঘটনার মুখে পড়েছিলেন স্পিনার আবদুর রাজ্জাক। রাস্তায় হঠাৎ চাকা পাংচার হয়ে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পড়ে গিয়েছিল পাশের খাদে। রাজ্জাকসহ তাঁর পরিবারে অন্য সদস্যরাও চোট পেয়েছিলেন।
অল্পের জন্য প্রাণে বেঁচে যান সাবেক এই তারকা স্পিনার। বড় সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। তাঁর গাড়িটি যেভাবে উল্টে খাদে পড়ে যায় তাতে অনেক বড় ক্ষতিও হতে পারত। তবে দিনের শেষে ভালোই আছেন তিনি।
এই দুর্ঘটনা সম্পর্কে রাজ্জাক এনটিভি অনলাইনকে বলেন, ‘গাড়িটি যখন উল্টে পড়ে যায় তখন খুব ভয় পেয়েছিলাম। এমন অবস্থা থেকে বেঁচে যাওয়ায় সত্যিই বিস্ময়কর ব্যাপার। আল্লাহ আমাদের রক্ষা করেছেন।’
দুর্ঘটনায় রাজ্জাক ও তাঁর পরিবারের কয়েকজন সদস্য আহত হয়েছেন। তবে তা খুব একটা গুরুতর নয়। পরে তাদের নেওয়া হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। এখন অবশ্য বাড়ি ফিরে গেছেন তাঁরা।

ক্রীড়া প্রতিবেদক