বেকার হয়ে যাচ্ছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা?
বেতন-ভাতা সংক্রান্ত নতুন চুক্তি নিয়ে বেশ কিছু দিন ধরেই মতবিরোধ চলছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড ও ক্রিকেটারদের মধ্যে। সেটা এবার ধারণ করেছে চরম আকার। এ সপ্তাহের মধ্যেই নতুন চুক্তিতে স্বাক্ষর না করলে চাকরি হারাতে হবে স্টিভেন স্মিথ-ডেভিড ওয়ার্নারদের মতো অস্ট্রেলিয়ান তারকাদের। বেকার হয়ে যাবেন দেশটির অনেক ক্রিকেটার।
অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী শুক্রবার। এর মধ্যেই নতুন চুক্তি স্বাক্ষরের কাজটা সেরে ফেলতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া। কিন্তু নতুন চুক্তিপত্রের কিছু বিষয় নিয়ে দ্বিমত পোষণ করেছে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের ইউনিয়ন। নতুন চুক্তিতে বেতন কিছুটা বাড়ানো হলেও ক্রিকেট বোর্ডের লভ্যাংশের কিছুই দেওয়া হবে না ক্রিকেটারদের। এখানেই আপত্তি তুলেছেন ক্রিকেটাররা।
ক্রিকেট অস্ট্রেলিয়াও নিয়েছে কঠোর অবস্থান। শুক্রবারের মধ্যে নতুন চুক্তি স্বাক্ষর না করলে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির আওতা থেকে ঝেড়ে ফেলা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটের কর্তাব্যক্তিরা। সেক্ষেত্রে দুইশরও বেশি ক্রিকেটার বেকার হয়ে পড়বেন।
জাতীয় দল ছেড়ে অনেকেই ভাবছেন ঘরোয়া টি-টোয়েন্টি লিগগুলোতে খেলার কথা। কিন্তু সেক্ষেত্রেও তাঁদের বেশ ঝামেলার মধ্যে পড়তে হবে বলে হুঁশিয়ার করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। কারণ বিদেশের লিগগুলোতে খেলতে গেলে ক্রিকেটারদের নিতে হবে বোর্ডের অনুমতিপত্র।
অস্ট্রেলিয়ান ক্রিকেটের এই গোলযোগের ফলে অনিশ্চয়তার মুখে পড়েছে তাঁদের আগামী সফরগুলো। আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের। এরপর যাওয়ার কথা ভারতে। আর এ বছরের শেষে অনুষ্ঠিত হওয়ার কথা ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজ। শেষপর্যন্ত এগুলো আদৌ অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে চলছে ঘোর অনিশ্চয়তা।

স্পোর্টস ডেস্ক