তিন ফরম্যাটেই পাকিস্তানের নেতা সরফরাজ
সরফরাজের হাতেই যে টেস্টের অধিনায়কত্ব উঠছে সেটা অনেকটা নিশ্চিত ছিল। কারণ চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে দেশকে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতিয়েছেন এই উইকেরটরক্ষক ব্যাটসম্যান। ২০০৯ সালের পর এই প্রথম বৈশ্বিক কোনো শিরোপা জিতল দেশটি। কেবল তাই নয়, ১৯৯২ সালের পর ওয়ানডেতে এটিই পাকিস্তানের সবচেয়ে বড় সাফল্য। পাক ক্রিকেট বোর্ডও তাই দারুণ খুশি সরফরাজের ওপর। এবার টেস্টেও তাঁর হাতেই দলটির দায়িত্বভার অর্পণ করল পিসিবি। এর মাধ্যমে ক্রিকেটের তিন ফরম্যাটেই পাকিস্তানের নেতা হলেন সরফরাজ।
মঙ্গলবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি শাহরিয়ার খান এই তথ্য নিশ্চিত করেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয় উপলক্ষে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে একটি জার্সি উপহার দেন শাহরিয়ার খান। এখানেই সরফরাজের অধিনায়ক হওয়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি। পিসিবি সভাপতি বলেন, ‘আমি এবং প্রধান নির্বাচক ইনজামাম উল হক এই সিদ্ধান্ত নিয়েছি। আমার মনে হয়, সঠিক সিদ্ধান্ত নেওয়ার এটাই উপযুক্ত সময়।’
গত ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট থেকে অবসর নিয়েছেন মিসবাহ-উল-হক। এর পর থেকেই নতুন নেতৃত্বের সন্ধানে ছিল পাকিস্তান। শোয়েব মালিক, আজহার আলি, মোহাম্মদ হাফিজসহ আরো বেশ কয়েকটি নাম ছিল অধিনায়কের তালিকায়। তবে সরফরাজের নামটিই বেশি উচ্চারিত হচ্ছিল। কারণ, ফর্ম ও অধিনায়কত্বের রেকর্ড এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের পক্ষেই কথা বলছে।
২০১০ সালে টেস্টের অধিনায়কত্ব নিজের ঘাড়ে নেন মিসবাহ-উল-হক। এরপর সাত বছরে ৪৯টি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে ২৪টিতে দলকে জেতান তিনি। এর আগে ছয় বছরে অন্য অধিনায়কের নেতৃত্বে ৪৮ টেস্টে মাত্র ১২টিতে জয় পায় পাকিস্তান।
অধিনায়ক হিসেবে সরফরাজও দারুণ সফল। ওয়ানডেতে এ পর্যন্ত নয় ম্যাচে নেতৃত্ব দিয়ে সাতটিতেই দলকে জিতিয়েছেন তিনি। টি-টোয়েন্টিতে তাঁর অধীনে আট ম্যাচের সাতটিতেই জিতেছে পাকিস্তান।
গত ১৮ জুন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জয় করে সরফরাজের পাকিস্তান। ভারতের বিপক্ষে ১২৪ রানের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট শুরু করলেও ধীরে ধীরে নিজের ঘর গোছান এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের মতো বড় দলগুলো হারিয়ে ফাইনালে ওঠে পাকিস্তান। আর শিরোপা নির্ধারণী ম্যাচে শক্তিশালী ভারতীয় দলকে হারান সরফরাজরা।
এর আগে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই শহীদ আফ্রিদির কাছ থেকে সীমিত ওভারের ক্রিকেটে দলটির দায়িত্ব নেন সরফরাজ। আর ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিধ্বস্ত হওয়ার পর আজহার আলীর কাছ থেকে ওয়ানডে দলের দায়িত্বও নেন তিনি।

স্পোর্টস ডেস্ক