বাংলাদেশ সফর নিয়ে আশাবাদী অস্ট্রেলিয়া
এখনো সমঝোতা হয়নি অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড এবং দেশটির ক্রিকেটারদের সঙ্গে। পারিশ্রমিক নিয়ে দ্বন্দ্বে অস্ট্রেলিয়া ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফর বাতিল হয়ে গেছে। তাই শঙ্কা দেখা দিয়েছে স্মিথদের বাংলাদেশ সফর নিয়েও। আগামী আগস্ট-সেপ্টেম্বরে দুটি টেস্ট খেলতে স্মিথদের বাংলাদেশ সফরে আসার কথা। অবশ্য ক্রিকেট অস্ট্রেলিয়ার পরিচালক মার্ক টেলর আশাবাদী বাংলাদেশ সফরটি হবে।
দ্রুতই এই সমস্যার একটা সমাধান হবে বলে আশাবাদী টেলর। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমি এখনো আশাবাদী বাংলাদেশ সফরটি হবে। হবে অ্যাশেজও। তা নিয়ে আমি কাজ করছি। আমার বিশ্বাস, দুই পক্ষই তা নিয়ে ভাবছে।’
সমঝোতায় যেতে হলে দুই পক্ষকেই কিছুটা নমনীয় হতে হবে বলেও মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক, ‘বোর্ড ও ক্রিকেটারদের মধ্যে যে সংকট চলছে, এর একটা সমাধান খুব দ্রুতই হবে বলে আশা করছি আমরা। তবে সমঝোতায় যেতে হলে দুই পক্ষকেই কিছুটা নমনীয় হতে হবে।’
গত মাসে শেষ হয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড ও খেলোয়াড়দের মধ্যে স্বাক্ষরিত চুক্তির মেয়াদ। নতুন চুক্তিপত্রে ক্রিকেটারদের বেতন কিছুটা বাড়ানো হলেও বাদ দেওয়া হয়েছে লভ্যাংশ ভাগাভাগির বিষয়টি। আর এটা নিয়েই দ্বন্দ্বে জড়িয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড ও খেলোয়াড়দের সংগঠন ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন।
আগামী ১৮ আগাস্ট অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরে আসার কথা। ঢাকা ও চট্টগ্রামে তাদের দুটি টেস্ট খেলার কথা। ২২ থেকে ২৪ আগস্ট ফতুল্লায় বিসিবি একাদশের সঙ্গে তিনদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে অসিরা। এরপর ২৭-৩১ আগস্ট মিরপুরে হবে সিরিজের প্রথম টেস্ট। ৪-৮ সেপ্টেম্বর চট্টগ্রামে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

ক্রীড়া প্রতিবেদক