ভারতের ব্যাটিং কোচ দ্রাবিড়, বোলিং কোচ জহির
অনেক নাটকীয়তার পর অবশেষে চূড়ান্ত হয়েছে ভারতের নতুন কোচের নাম। ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত ভারতের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক ক্রিকেটার ও টিম ম্যানেজার রবি শাস্ত্রী। শুধু প্রধান কোচই নয়, ব্যাটিং ও বোলিং পরামর্শকের নামও জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
রবি শাস্ত্রীর সঙ্গে ভারতের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করবেন কিংবদন্তি ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়। আর বোলিং পরামর্শক হিসেবে থাকবেন সাবেক বাঁহাতি পেসার জহির খান।
২০১৯ সালের বিশ্বকাপ সামনে রেখে এখন থেকেই ভালোমতো প্রস্তুত হওয়ার পরিকল্পনা করছে ভারতের ক্রিকেট অঙ্গন। সে জন্য আগামী বিশ্বকাপ পর্যন্তই চুক্তি করা হয়েছে শাস্ত্রীর সঙ্গে। বোলিং পরামর্শক জহির খানের সঙ্গেও বিসিসিআইর চুক্তির মেয়াদটা ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত। তবে রাহুল দ্রাবিড় ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করবেন শুধু বিদেশের মাটিতে টেস্ট সিরিজগুলোতে।
আন্তর্জাতিক ক্রিকেটে এখনো কোচিংয়ের কোনো অভিজ্ঞতা হয়নি জহির খানের। তবে আইপিএলের গত কয়েকটি আসরে তিনি কাজ করেছেন দিল্লি ডেয়ারডেভিলসের সঙ্গে। গত বছর ভারতের ক্রিকেট বোর্ডের কাছ থেকেও বোলিং পরামর্শক হিসেবে কাজ করার প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু কোনো সমঝোতায় পৌঁছাতে না পারায় সেটা হয়ে ওঠেনি।
অন্যদিকে কোচ হিসেবে নিজেকে অনেকটাই প্রতিষ্ঠিত করে ফেলেছেন রাহুল দ্রাবিড়। তিনিও শুরু করেছিলেন আইপিএলের দল দিল্লি ডেয়ারডেভিলসের মেন্টর হিসেবে। পরে কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ভারতের ‘এ’ দল ও অনূর্ধ্ব-১৯ দলের।

স্পোর্টস ডেস্ক