দারুণ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেল স্কটল্যান্ড
ম্যাচের শুরু থেকেই স্কটল্যান্ডের সঙ্গে সমান তালে আক্রমণ চালিয়ে যাচ্ছিল হাইতি। গোলের জন্য কয়েকবার শটও নেন তারা। কিন্তু স্কটিশদের রক্ষণ দেওয়াল ভাঙতে পারছিল না হাইতি। বিপরীতে, সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় স্কটল্যান্ড।
আজ রোববার (১৪ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় বোস্টস স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে এই দুই দল। প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে স্কটল্যান্ড।
ম্যাচের শুরু থেকেই কয়েক দফা আক্রমণ চালায় দুই দল। তবে বারবার আটকে যাচ্ছিল রক্ষণে। মাঝে স্কটল্যান্ডের একটি শট ফেরত আসে গোলবারের বাঁধায়।
২৮তম মিনিটে আর আটকে রাখা যায়নি স্কটিশদের। দারুণ এক কাউন্টার অ্যাটাক থেকে গোল আদায় করে নেয় তারা।
নিজেদের অর্ধ থেকে লং বল বাড়ায় স্কটল্যান্ড। সেই বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সের মুখে বাড়ায় স্কটল্যান্ডের একজন। সেখান থেকে বল রিসিভ করে গোল মুখে জোড়ালো শট নেন জন ম্যাকগিন। তার শট হাইতির একজনের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়।
গোল হজম করে আরও আক্রমণাত্মত হয়ে ওঠে হাইতি। চাপ তৈরি করতে থাকে স্কটল্যান্ডের রক্ষণে। তবে সেটি ভাঙতে পারেনি তারা। ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্কটল্যান্ড।

স্পোর্টস ডেস্ক