ওয়ালশে মুগ্ধ রাব্বি
গত বছর সেপ্টেম্বরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন ক্যারিবীয় কিংবদন্তি ক্রিকেটার কোর্টনি ওয়ালশ। বাংলাদেশে প্রায় ১০ মাস কেটে গেছে তাঁর। এই দীর্ঘ সময়ে তাঁর অধীনে বোলারদের কতটুকু উন্নতি হয়েছে, তা নিয়ে শুরু হয়ে গেছে চুলচেরা বিশ্লেষণ। বিভিন্ন সময়ে পেসারদের মুখে শোনা গেছে সন্তুষ্টির কথা। তরুণ পেসার কামরুল ইসলাম রাব্বিও ওয়ালশের কোচিংয়ে খুবই মুগ্ধ হয়েছেন।
আজ রোববার মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে ওয়ালশ প্রসঙ্গে রাব্বি বলেন, ‘মানসিক বা টেকনিক্যাল দিক থেকে ওয়ালশের অধীনে কাজ করে আমরা খুবই উপকৃত হয়েছি। আমাদের মতো তরুণরা তাঁর মতো একজন কোচের অধীনে থাকলে দারুণ আত্মবিশ্বাস পাবে। এত বড় মাপের একজন ক্রিকেটার আমাদের সঙ্গে আছেন, তা সত্যিই আমাদের জন্য অনেক বড় ব্যাপার।’
বন্ধুসুলভ আচরণ করেন বলে ওয়ালশের সঙ্গে কাজ করতে আরো সুবিধা হয় বলেও মনে করেন এই তরুণ পেসার, ‘আমাদের সবার সঙ্গে তাঁর সম্পর্ক খুবই বন্ধুত্বপূর্ণ। যে কারণে তাঁর সঙ্গে কাজ করতে আমাদের খুবই সুবিধা হয়।’
ওয়ালশের অধীনে বাংলাদেশের পেসারদের কোথায় উন্নতি হয়েছে সে দিকগুলোও তুলে ধরেন রাব্বি, ‘সত্যি কথা বলতে কি, আমি আগে ইনসুইং করতে পারতাম না, এখন তা পারি। আর শিখতে পেরেছি ওয়ালশের অধীনে থেকেই। তিনি এখন আমাদের স্পট বোলিং নিয়ে কাজ করছেন।’
শুধু রাব্বিই নয়, কয়দিন আগে আরেক তরুণ পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়েও কাজ করেছেন তিনি। মোদ্দা কথা বাংলাদেশের পেসারদের উন্নতিতে ভালোভাবেই কাজ করছেন এই সাবেক ক্যারিবীয় পেসার।

ক্রীড়া প্রতিবেদক