আবার ছিটকে পড়লেন লোকেশ রাহুল
লোকেশ রাহুলকে দুর্ভাগ্যবানই বলতে হয়। ভারতীয় এই ব্যাটসম্যান ক্যারিয়ারের শুরু থেকেই ইনজুরির সঙ্গে লড়ছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ টেস্টে চোট নিয়েও খেলেছিলেন। তবে এরপর আর ইনজুরির সঙ্গে পেরে ওঠেননি। আইপিএল ও চ্যাম্পিয়নস ট্রফি মিস করেছেন। এরপর সুস্থ হয়ে আবার জাতীয় দলে ফিরেছেনও। তবে আবার ছিটকে পড়লেন ডানহাতি এই ব্যাটসম্যান। জ্বরের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারছেন না তিনি।
বুধবার গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে ভারত। এই টেস্টে মূল একাদশে থাকবেন না রাহুল। এদিকে অপর ওপেনার মুরালি বিজয় ছিটকে পড়ায় উদ্বোধনী জুটি নিয়ে বেশ সমস্যায় পড়েছে ভারত। ধারণা করা হচ্ছে, অভিনব মুকুন্দ ও চেতেশ্বর পুজারাকে দিয়েই ব্যাটিংয়ের শুরুটা করাবে কোহলির দল। অবশ্য রোহিত শর্মাও উঠে আসতে পারেন ওপেনিংয়ে। এমনকি রাহানেও ব্যাটিংয়ে প্রমোশন পেয়ে উদ্বোধন করতে পারেন।
এদিকে প্রথম টেস্টের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। দলে ফিরেছেন ধনঞ্জয় ডি সিলভা ও নুয়ান প্রদীপ। এ ছাড়া প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন মালিন্দা পুষ্পাকুমারা। নিউমোনিয়ার কারণে প্রথম টেস্ট মিস করা দীনেশ চান্দিমালের পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন রঙ্গনা হেরাথ।
ভারতীয় দল : বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), ইশান্ত শর্মা, উমেশ যাদব, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি, কুলদীপ যাদব ও অভিনব মুকুন্দ।
শ্রীলঙ্কা দল : রঙ্গনা হেরাথ (অধিনায়ক), উপুল থারাঙ্গা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, আসেলা গুনারত্নে, নিরোশান ডিকভেলা, ধনঞ্জয়া ডি সিলভা, দানুশকা গুনাথিলাকা, দিলরুয়ান পেরেরা, সুরাঙ্গা লাকমাল, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো, মালিন্দা পুষ্পাকুমারা ও নুয়ান প্রদীপ।

স্পোর্টস ডেস্ক