মাহমুদউল্লাহর চোট গুরুতর নয়
অনুশীলনে হঠাৎ চোট পেয়ে হাসপাতালে যেতে হয়েছিল বাংলাদেশ দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহমুদউল্লাহকে। গত রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কন্ডিশনিং ক্যাম্পে কোমরে ব্যথা পান তিনি। ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণের পর জানা গেছে, তাঁর এই চোট খুব একটা গুরুতর নয়। আগামীকাল থেকেই আবার অনুশীলনে ফিরতে পারবেন তিনি।
আজ মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের মাহমুদউল্লাহ বলেন, ‘সকালে ফিজিও বায়েজিদুল ইসলাম পরীক্ষা করে দেখেছেন, এই চোট খুব একটা গুরুতর নয়। অবশ্য এখনো কিছুটা ব্যথা আছে। ব্যথা আর না বাড়লে আগামীকাল থেকেই অনুশীলনে নামতে পারব বলে আশা করছি।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফিটনেস ট্রেনিং চলছে বাংলাদেশ দলের। সেখানেই জিমে অনুশীলন করতে গিয়ে ব্যথা পেয়েছিলেন তিনি। পরীক্ষার জন্য দ্রুত তাঁকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।
এর আগে গত ১৪ জুলাই পায়ের গোড়ালিতে চোট পান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে চোট খুব একটা গুরুতর না হওয়ায় দ্রুত সেরে উঠছেন তিনি।
সব কিছু ঠিক থাকলে দুটি টেস্ট খেলতে আগামী ১৮ আগস্ট বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। সফরে তাঁরা ২২ থেকে ২৪ আগস্ট ফতুল্লায় বিসিবি একাদশের বিপক্ষে তিনদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা সফরকারী দলটির। এরপর ২৭-৩১ আগস্ট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম টেস্ট। ৪-৮ সেপ্টেম্বর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হওয়ার কথা দ্বিতীয় ও শেষ টেস্ট।

ক্রীড়া প্রতিবেদক