দুই বছর পর টেস্ট দলে নাসির
২০১৩ সালের এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে হাফ সেঞ্চুরির পর সাতটি টেস্টে আর বড় ইনিংসের দেখা পাননি নাসির হোসেন। ফলে বাজে ফর্মের কারণে ২০১৫ সালের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলার পরই দল থেকে বাদ পড়ে যান তিনি। এরপর সীমিত ওভারের ক্রিকেটে টুকটাক জায়গা মিললেও টেস্টে ব্রাত্যই ছিলেন এই অলরাউন্ডার। তবে ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফর্ম করায় তাঁকে আর উপেক্ষা করতে পারেননি নির্বাচকরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথমটিতে দলে জায়গা পেয়েছেন নাসির হোসেন।
কিছুদিন আগে চট্টগ্রামে অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে খেলা ম্যাচে তামিম একাদশের হয়ে ৬২ রানের অসাধারণ একটি ইনিংস খেলেন নাসির। এরপর থেকেই নির্বাচকদের আস্থা ফিরে পান তিনি।
১৭ টেস্টের ক্যারিয়ারে ২৮ ইনিংসে ব্যাট করে একটি সেঞ্চুরি ও ছয়টি হাফসেঞ্চুরিসহ ৯৭১ রান করেছেন নাসির। গড়টাও ভালো ৩৭.৩৪। এ ছাড়া টেস্টে আটটি উইকেটও নিয়েছেন এই অফস্পিনার।
অস্ট্রেলিয়া সিরিজে নাসির যে দলে ফিরছেন এটা নিয়ে তেমন কোনও সন্দেহ ছিল না। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কথাতেও তার একটা আভাস পাওয়া গেল। তিনি বলেন, ‘সাম্প্রতিক ফর্ম বিবেচনায় নাসিরকে নেওয়া হয়েছে।’

স্পোর্টস ডেস্ক