উমর আকমলকে একহাত নিল পিসিবি
উমর আকমলের জন্য যেন একের পর এক দরজা বন্ধ হয়ে যাচ্ছে। দলে ফেরার শেষ চেষ্টা হিসেবে কোচের ওপর দোষারোপ করেছিলেন এই পাকিস্তানি ব্যাটসম্যান। তবে আকমলের চেষ্টাটা হিতে বিপরীত হলো। উল্টো আকমলকেই দোষারোপ করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক বিজ্ঞপ্তিতে এই ব্যাটসম্যানকে ধুয়ে দিল পিসিবি। দেশটির ক্রিকেট বোর্ড জানিয়ে দিল, নিজের দোষেই দল থেকে বাদ পড়েছেন উমর আকমল। নিজেকে প্রমাণ করার জন্য তাঁকে অসংখ্য সুযোগ দেওয়া হলেও সেটা করতে পারেননি এই পাক ব্যাটসম্যান।
এর আগে পাকিস্তানের কোচ মিকি আর্থার তাঁকে অপমান করেছেন বলে অভিযোগ করেন উমর আকমল। মিকি নাকি আকমলকে উদ্দেশ করে খারাপ ভাষায় গালাগাল করেছিলেন। তবে আকমলের অভিয়োগ উড়িয়ে দিল পিসিবি। বিজ্ঞপ্তিতে পিসিবি জানিয়েছে, কোচের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে উমর আকমল নিজের দিকে সবার মনোযোগ আকর্ষণ করতে চেয়েছে। তাঁকে সাত-সাতবার সুযোগ দেওয়া হয়েছিল তবু তিনি নিজেকে ফিট প্রমাণ করতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজ সফরে আগেও তাঁকে ফিটনেস প্রোগ্রামে অন্তর্ভুক্ত করা হয় সেখানেও তিনি ব্যর্থ হয়েছেন। এরপরই তাঁকে দল থেকে বাদ দিয়ে দেওয়া হয়।’
পিসিবি জানিয়েছে, চ্যাম্পিয়নস ট্রফির ১৫ সদস্যদের দলে উমর আকমলকেও রাখা হয়েছিল। তবে নিজেকে ফিট প্রমাণ করতে পারেননি তিনি। বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে, প্রতিটি সফরের আগে ক্রিকেটারদের ফিটনেসের পরীক্ষা দিতে হয়। সেখানেও তাঁর ফিটনেস লেভেল সন্তোষজনক ছিল না। তাই তাঁকে বাদ দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না।
এর আগে দেশটির একটি গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে মিকি আর্থারের বিরুদ্ধে রীতিমতো বোমা ফাটান উমর আকমল। তাঁর অভিযোগ, কোচ মিকি আর্থার নাকি তাঁকে গালাগাল করেছেন। কেবল তাই নয়, রীতিমতো অপমানও করা হয়েছে তাঁকে। এ ব্যাপারে উমর বলেন, ‘হ্যাঁ, মিকি আর্থার আমাকে গালাগাল করেছেন। ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে এই ঘটনার সাক্ষী ইনজামাম ও সাকলায়েন মুশতাক ভাই। অকথ্য একটা ভাষা ব্যহার করেন। আমি সবকিছু সহ্য করতে পারি তবে এই শব্দটা সহ্যের বাইরে ছিল।’

স্পোর্টস ডেস্ক