ঢিল ছোড়ার ঘটনায় বিসিবির তদন্ত কমিটি
অভিযোগ উঠেছে, অস্ট্রেলিয়া ক্রিকেট দলের টিম বাসে নাকি ঢিল ছুড়ে মেরেছে কে বা কারা। গতকাল সোমবার প্রথম দিনের খেলা শেষে হোটেলে ফেরার সময়ই এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট। বিষয়টা খুবই গুরুত্বসহকারে দেখছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তাই এ ঘটনায় একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি।
আজ মঙ্গলবার বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তাবেষ্টনী ভেদ করে কীভাবে বাসে পাথর ছুড়ে মারা হয়েছে তা তদন্ত করে দেখবে বিসিবি।
অবশ্য এতে তেমন কোনো অনাকাক্ষিত ঘটনা ঘটেনি। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাসের একটি জানালার কাচ ভাঙা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ছোট পাথর বা ইটের আঘাতেই সেটি ভেঙে থাকতে পারে। অবশ্য সে সময় বাসে ছিলেন না অস্ট্রেলিয়া দলের কোনো খেলোয়াড়।
তবে এই ঘটনায় অস্ট্রেলিয়া দলের হোটেল থেকে স্টেডিয়ামে যাওয়া-আসার পথের নিরাপত্তাব্যবস্থা আরো কঠোর করা হয়েছে। আজ দ্বিতীয় দিনের খেলায় সকাল থেকে স্টেডিয়াম এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। স্টেডিয়ামে ঢোকার মূল রাস্তার অনেকখানি সামনে দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল। সন্দেহজনক কিছু নজরে এলেই জিজ্ঞাসাবাদ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। স্টেডিয়ামের পাশের রাস্তাগুলোতে টিকেট ছাড়া কাউকে ঢুকতেও দিচ্ছেন না তাঁরা।

ক্রীড়া প্রতিবেদক