অবিশ্বাস্য ক্যাচের পরই সহজ স্টাম্পিং মিস
ব্যাট হাতে বাংলাদেশ যে ৩০৫ রান করেছে তাতে সবচেয়ে বড় অবদান মুশফিকুর রহিমের। আর ফিল্ডিংয়ের শুরুতে বাংলাদেশ দলকে লড়াইয়ে টিকিয়ে রাখেন বাংলাদেশ অধিনায়কই। অস্ট্রেলিয়ার ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে দলীয় পাঁচ রানের মাথায় মুস্তাফিজের শিকার হন রেনশ। তাঁর সংগ্রহ ছিল সাত বলে ৪ রান। রেনশ আউট হওয়ার পেছনে যতটা না মুস্তাফিজের অবদান, তাঁর চেয়ে কম অবদান ছিল না মুশফিকের। নিজের ডানদিকে অনেকটা ঝাঁপিয়ে অসাধারণ এক ক্যাচ ধরেন টাইগার অধিনায়ক। অথচ তিনিই কিনা দিনের শেষ দিকে ডেভিড ওয়ার্নারের সহজ স্টাম্পিংয়ের সুযোগ মিস করেন। আর তা বাংলাদেশকে অনেকটাই পিছিয়ে দিয়েছে।
অস্ট্রেলিয়ার ইনিংসে সেটি ছিল দ্বিতীয় ওভার। বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের বলটা সুইং করে বেরিয়ে যাচ্ছিল। ব্যাট চালালেন ম্যাট রেনশ। বিধিবাম! তাঁর ব্যাট ছুঁয়ে বলটা উইকেটরক্ষক মুশফিকের অনেক বাইরে দিয়ে যাচ্ছিল। ডান দিকে অনেকটা উড়েই বলটা তালুবন্দি করার চেষ্টা করেন মুশি। বলটাও এসে সুবোধ বালকের মতো জমা হয় তাঁর গ্লাভসে।

এরপর অসি ইনিংসের ৫৭তম ওভারে ওয়ার্নারকে আউটের সহজ সুযোগ নষ্ট করেন মুশি। মিরাজের বলে অনেকটা এগিয়ে এসে মারতে চেয়েছিলেন ওয়ার্নার। ফ্লাইট মিস করায় বল ব্যাটের ফাঁক গলে বের হয়ে যায়। তবে বলটা গ্লাভসবন্দি করতে পারেননি মুশফিক। বল ধরার দ্বিতীয় সুযোগটাও মিস করেন তিনি। ততক্ষণে ওয়ার্নার অবশ্য ক্রিজে ঢুকে পড়েছেন। দিনশেষে সেই তিনিই ৮৮ রানে অপরাজিত রয়েছেন। সামাজিক মাধ্যমে মুশফিকের অসাধারণ ক্যাচ নেওয়া ও স্টাম্পিং মিস নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। এখন দেখা যাক, মুশফিকের সেই ছোট ভুলটা বাংলাদেশকে কতটা ভোগায়।


স্পোর্টস ডেস্ক