সিরিজ জয়ের পর র্যাংকিংয়েরও শীর্ষে ভারত
ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচে শুরুতে ব্যাটিং করে ভারত সংগ্রহ করেছিল ২৮১ ও ২৫২ রান। সংগ্রহটা খুব বেশি বড় না হলেও দুটি ম্যাচেই জয় পেয়েছিল বিরাট কোহলির দল। সিরিজের তৃতীয় ওয়ানডেতে তাই শুরুতে স্কোরবোর্ডে ২৯৩ রান জমা করার পর হয়তো জয়ের আশাই জেগেছিল সফরকারী অস্ট্রেলিয়া শিবিরে। কিন্তু আজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়ারা একসঙ্গে জ্বলে ওঠায় এই ম্যাচেও শেষ পর্যন্ত হারের মুখই দেখতে হয়েছে স্টিভেন স্মিথ-ডেভিড ওয়ার্নারদের। ৫ উইকেটের সহজ জয় পেয়েছে ভারত। দুই ম্যাচ বাকি থাকতেই ওয়ানডে সিরিজটি জিতে গেছে ৩-০ ব্যবধানে। টানা তিনটি জয়ের পর ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষস্থানটাও ভারত নিয়েছে নিজেদের দখলে।
টেস্ট র্যাংকিংয়ের শীর্ষস্থানটা আগে থেকেই ছিল ভারতের দখলে। ওয়ানডেতেও দারুণ নৈপুণ্য দেখিয়ে ভারত উঠে এসেছে শীর্ষস্থানে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।
ইন্দোরে অনুষ্ঠিত এই তৃতীয় ওয়ানডেতে ভারতের জয়ের অন্যতম নায়ক হার্দিক পান্ডিয়া। প্রথমে বল হাতে একটি উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও পান্ডিয়া খেলেছেন দলের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংসটি। চার নম্বরে ব্যাট করতে নেমে ৭২ বলে ৭৮ রানের লড়াকু ইনিংস খেলেছেন এই ডানহাতি অলরাউন্ডার। ৭১ ও ৭০ রানের ইনিংস খেলে ভারতের জয়ের ভিতটা অবশ্য আগেই মজবুত করে দিয়েছিলেন দুই ওপেনার রোহিত শর্মা ও আজিঙ্কা রাহানে। অধিনায়ক কোহলির ব্যাট থেকে এসেছে ২৮ রান। শেষপর্যায়ে ৩২ বলে ৩৬ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন মনিশ পান্ডে। ৪৭.৫ ওভার ব্যাটিং করেই ভারত তুলে নিয়েছে জয়ের জন্য প্রয়োজনীয় ২৯৪ রান।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ওপেনার অ্যারন ফিঞ্চের ১২৪, ডেভিড ওয়ার্নারের ৪২ ও অধিনায়ক স্টিভেন স্মিথের ৬৩ রানের ইনিংসে ভর করে স্কোরবোর্ডে ২৯৩ রান জমা করেছিল অস্ট্রেলিয়া।

স্পোর্টস ডেস্ক