তারপরও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন বাংলাদেশের
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৪৯৬ রান করে ইনিংস ঘোষণা করে। এর জবাব দিতে নেমে বাংলাদেশের শুরুটা মোটেও ভালো হয়নি, ৩৬ রানেই দুই উইকেট হারিয়ে বসে। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ১২৭ রান। তারা উইকেট হারিয়েছে তিনটি। প্রোটিয়ারা এখনো ৩৬৯ রানে এগিয়ে আছে। তা ছাড়া ফলোঅন এড়াতে এখনো প্রয়োজন ১৭০ রান। তাই লাল-সবুজের দল যে খুব এটা ভালো অবস্থানে নেই সেটা বলাই যায়।
তারপরও আশাবাদের কথা শুনিয়েছেন পেসার তাসকিন আহমেদ। তাঁর বিশ্বাস প্রথম ইনিংসে লিড নেওয়া সম্ভব বাংলাদেশের পক্ষে। শুধু তাই নয়, এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব বলেও মনে করেন তিনি।
গতকাল শুক্রবার দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, ‘হ্যাঁ, ম্যাচে আমরা কিছুটা পিছিয়ে আছি। তাই আমরা একদমই হারের কথা চিন্তা করছি না। আমরা শেষ পর্যন্ত লড়াই করে যেতে চাই। জেতা সম্ভব না হলে ড্র করতে পারব বলে আশাবাদী।’
তাই আপাতত লক্ষ্য প্রথম ইনিংসে লিড নেওয়া। এ সম্পর্কে তরুণ এই পেসার বলেন, ‘আমাদের এখন মূল লক্ষ্য হচ্ছে ইনিংসটাকে যতটা লম্বা করা যায়। আশাবাদী লিড পেতেও। আর তা না পারলে ইনিংসটাকে ভালো পর্যায়ে নিয়ে যাওয়া, যাতে বোলারদের কিছুটা হলেও সুবিধা হয়।’

ক্রীড়া প্রতিবেদক