প্রথম ম্যাচে খেলবেন তো তামিম?
নয় বছর পর দক্ষিণ আফ্রিকায় গিয়ে সিরিজটা স্মরণীয় করে রাখতে পারেনি বাংলাদেশ। টেস্ট সিরিজে প্রোটিয়া বোলারদের সামনে অসহায়ভাবে আত্মসমর্পণ করেছেন টাইগার ব্যাটসম্যানরা। বল হাতে ভীতি ছড়াতে ব্যর্থ হয়েছেন মুস্তাফিজ-মিরাজরা। তবে টেস্টের গল্পটা আপাতত অতীত। এবার ওয়ানডের যুদ্ধে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নামবে বাংলাদেশ। রোববার কিম্বার্লিতে প্রথম ওয়ানডেতে প্রোটিয়াদের মুখোমুখি হবে মাশরাফি বিন মুর্তজার দল। মাঠে নামার আগে বেশ বেকায়দায় রয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে দলের সেরা ব্যাটসম্যান তামিম ইকবালের খেলা এখনো নিশ্চিত নয়। প্রথম টেস্টে ফিল্ডিং করতে গিয়ে চোট পান বাংলাদেশের সেরা ব্যাটসম্যানটি। এরপর দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়ে যান তিনি।
প্রস্তুতি ম্যাচে পায়ের পেশিতে টান পেয়েছিলেন তামিম ইকবাল। টেস্ট ম্যাচে ফিল্ডিং করার সময়ও একই জায়গায় আবার চোট পান টাইগার ওপেনার। তাই তাঁকে দ্বিতীয় টেস্টে নামানোর ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট। তামিমের বদলে সেই টেস্টে ওপেন করেন সৌম্য সরকার। গ্রেড-১ হিপ মাসল স্ট্রেইনে ভুগছিলেন তামিম। তবে ওয়ানডে সিরিজে তামিমকে নিয়ে আশাবাদী বাংলাদেশ। বিসিবি সূত্রে জানা যায়, প্রথম ম্যাচে তামিমের খেলার সম্ভাবনা রয়েছে। চোট থেকে অনেকটাই সেরে উঠেছেন তিনি। টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, তামিমকে নিয়ে বিন্দুমাত্র ঝুঁকি নেবে না বাংলাদেশ। পূর্ণ সুস্থ হলেই তাঁকে মাঠে নামানো হবে।
ওয়ানডেতে তামিমের না থাকাটা বাংলাদেশের জন্য বড় একটা ধাক্কা হবে। কারণ ওয়ানডেতে প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রানের মালিক তিনি। ১০ ওয়ানডেতে ২৬৪ রান করেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
তামিম না খেললে তাঁর পরিবর্তে সৌম্য সরকার ও ইমরুল কায়েস ব্যাটিং শুরু করবেন। তবে এই দুজনের সাম্প্রতিক ফর্মটা মোটেও ভালো নয়। টেস্ট সিরিজে হতাশ করেছেন ইমরুল। দুই টেস্টে সর্বমোট ৯৭ রান করেছেন ইমরুল। দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে মাত্র ১২ রান করেছেন সৌম্য। তাই তামিমের না থাকাটা বাংলাদেশের জন্য বড় দুঃসংবাদই বটে। প্রথম ওয়ানডের আগেই যেন পূর্ণ সুস্থ হঠেন তামিম, টাইগার সমর্থকরা কায়মনোবাক্যে এটিই প্রার্থনা করছেন।

স্পোর্টস ডেস্ক