লিটনের আউট নিয়ে ভুল বোঝাবুঝি
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন ওপেনার লিটন দাস। তবে তাঁর এই আউট নিয়ে ছিল কিছুটা ভুল বোঝাবুঝি। টিভি আম্পায়ার এই বাংলাদেশি ব্যাটসম্যানকে আউটের ঘোষণা দিতে গিয়ে ভুল করে নটআউট বাটনে চাপ দেন। তাই মাঠের টিভি স্ক্রিনে প্রথম নটআউট লেখা ওঠে। পরে অবশ্য ভুল শুধরে আউটের সিদ্ধান্তই দেন তিনি।
ঘটনাটি ঘটেছিল ম্যাচের নবম ওভারের পঞ্চম বলে। প্রোটিয়া পেসার রাবাদার বলে দ্বিতীয় স্লিপে অধিনায়ক ফাফ দু প্লেসির হাতে ক্যাচ দেন লিটন। পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য ফিল্ড আম্পায়ার থার্ড আম্পায়ারের সাহায্য নেন। তিনি টিভি রিপ্লেতে দেখে আউটের সিদ্ধান্ত গিয়ে এই ভুল করে বসেন, যা নিয়ে দর্শকদের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝিরও সৃষ্টি হয়েছিল।
ম্যাচে লিটন ২৯ বলে ২১ রান করে সাজঘরে ফিরে যান, যাতে চারটি চারের মার ছিল। শুরুতে ভালো কিছু করার আভাস দিলেও পরে আর পারেননি ভালো কিছু করতে।
ম্যাচে শেষ খবর পাওয়া পর্যন্ত ৮২ রান করে বাংলাদেশ, হারিয়েছে দুটি উইকেট। লিটনের পর ইমরুল প্যাভিলিয়নে ফিরে যান ৪৩ বলে ৩১ রান করে। তিনি চারটি চার ও একটি ছক্কার মার মারেন।

ক্রীড়া প্রতিবেদক