বৃষ্টির জ্বালাতনে সাকিব হতাশ
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজে বৃষ্টির জ্বালাতন চলছেই। চট্টগ্রামের পর ঢাকাতেও বৃষ্টির দাপট অব্যাহত। মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের মতো তৃতীয় দিনেও একটি বলও মাঠে গড়াতে পারেনি। সেজন্য ভীষণ হতাশ সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের বিশ্বাস, খেলা হলে বাংলাদেশ প্রথম ইনিংসে ভালো সংগ্রহ দাঁড় করাতে পারবে।
শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটার আতাহার আলী খানের সঙ্গে কথোপকথনে সাকিব বলেন, ‘বৃষ্টির জন্য খেলা না হওয়া আমাদের জন্য খুব হতাশাজনক। একটা ম্যাচ চলার সময় বৃষ্টির কারণে এভাবে শুয়ে-বসে থাকা কারোরই ভালো লাগার কথা নয়। তবে প্রকৃতির ওপর তো কারো হাত নেই।’
তবে বিশ্রামে থাকায় খেলোয়াড়রা উজ্জীবিত হয়ে মাঠে নামতে পারবে বলে মনে করেন এই বাঁ-হাতি অলরাউন্ডার, ‘বৃষ্টির কারণে দুই দিন খেলা হয়নি। খেলোয়াড়রা অনেক বিশ্রাম পেয়েছে। তাই চতুর্থ দিনে তারা নতুন উদ্যমে মাঠে নামতে পারবে।’
প্রথম ইনিংসে বাংলাদেশ ২৪৬ রান তুলতেই ৮ উইকেট হারিয়ে বসেছে। হাতে আছে মাত্র দুই উইকেট। প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মুমিনুল হক জানিয়েছিলেন, ১৩ রানে অপরাজিত নাসির হোসেনকে শেষ দুই ব্যাটসম্যান মুস্তাফিজুর রহমান ও জুবায়ের হোসেন ভালো সঙ্গ দিতে পারলে বাংলাদেশের সংগ্রহটা ভালোই হবে। সাকিবেরও তেমনই আশা, ‘আমাদের হাতে এখনো দুই উইকেট আছে। বাকি তিন ব্যাটসম্যান দৃঢ়তা দেখাতে পারলে একটা ভালো ইনিংস গড়া সম্ভব। আমার বিশ্বাস তারা তা পারবে।’
তবে শেষ দুইদিন পিচের আচরণ নিয়ে খানিকটা দুশ্চিন্তায় তিন ধরনের ক্রিকেটেই এক নম্বর অলরাউন্ডার, ‘টানা দুইদিন পিচ ঢাকা। একটানা ঢাকা থাকলে পিচের আচরণে কিছুটা পরিবর্তন আসতে পারে। আর তা কেমন হবে তা আগে থেকে বলা মুশকিল।’

ক্রীড়া প্রতিবেদক