শেষ পর্যন্ত সিলেটেরই জয়
লক্ষ্য ১৪৬ রান। এবারের বিপিএলে নবাগত দল সিলেট সিক্সার্সের জন্য এই লক্ষ্য খুব একটা বড় নয়। তা ছাড়া প্রথম ম্যাচে ফেভারিট ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে তারা। শেষ পর্যন্ত তাই হয়েছে, আসরের অন্যতম শক্তিশালী দল কুমিল্লা ভিক্টোরিয়ানসকে হারিয়ে আসরে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে তারা।
আজ রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সিলেট জিতেছে চার উইকেটে। কুমিল্লার করা ১৪৫ রানের জবাবে তারা ছয় উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
প্রতিপক্ষের রান তাড়া করতে নেমে সিলেটের শুরুটা বেশ ভালোই হয়েছিল। দুই ওপেনার ৭৩ রানের জুটি গড়ে দলকে বেশ ভালো জায়গায় নিয়ে যান। এর পরই ছন্দপতন, মিডল অর্ডার ব্যাটসম্যানরা খুব একটা সুবিধা করতে না পারায় কিছুটা চাপে পড়ে যায় তারা।
একপর্যায়ে শেষ ওভারে জয়ের জন্য সিলেটের প্রয়োজন হয় ১০ রান। শেষ ওভারের প্রথম বলে আরএ হোয়াইটলির উইকেট হারিয়ে বসলে আরো বিপদে পড়ে যায় স্থানীয় দলটি। এর পরের বলেই উকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান একটি ছক্কা মেরে পুরো ম্যাচের চিত্রটাই পাল্টে দেন। দলকে একেবারেই জয়ের বন্দরে পৌঁছে দেন।
এর আগে উদ্বোধনীতে নেমে উপুল থারাঙ্গা ৪০ বলে ৫১ রানের একটি ঝলমলে ইনিংস খেলেন। তাঁকে যোগ্য সাপোর্ট দেন আন্দ্রে ফ্লেচার। তিনি ২৯ বলে ৩৬ রান করেন।
এর আগে কুমিল্লার হয়ে স্যামুলেস সর্বোচ্চ ৬০ রান করেন ৪৭ বল খরচায়। তাঁর এই ইনিংসে দুটি চার ও তিনটির ছক্কার মার রয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ অলক কাপালি করে ২৬ রান। তাইজুল ২২ রানে দুটি ও নাসির ১৮ রানে এক উইকেট নিয়ে কুমিল্লার বড় স্কোর গড়ার পথে বাধা হয়ে দাঁড়ান।

ক্রীড়া প্রতিবেদক