বিশ্বকাপ জিতে ভারতের যত রেকর্ড
তিলক ভার্মা জ্যাকব ডাফির ক্যাচ নিতেই গর্জন দিয়ে উঠলো আহমেদাবাদের নীল সমুদ্র। মাঠের এপাশ থেকে ওপাশে ছুঁটে গেলেন ভারতীয় ক্রিকেটাররা। এবার একসঙ্গে উদযাপন শুরু হলো শিরোপা জয়ের।
রোববার (৮ মার্চ) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে রীতিমতো উড়িয়ে দিয়েছে ভারত। ৯৬ রানের বড় জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় শিরোপা ঘরে তুলেছে ভারত। এই এক ট্রফিতেই তিনটি রেকর্ড গড়েছে ভারত।
এটি ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। এর আগে কোনো আসরেই স্বাগতিক কোনো দেশ শিরোপা জয়ের স্বাদ পায়নি। প্রথমবারের মতো স্বাগতিক হিসেবে শিরোপা জয়ের স্বাদ পেল ভারত।
এর আগে সর্বোচ্চ দুইটি করে বিশ্বকাপের ট্রফি জয়ের রেকর্ড ছিল তিনটি দলের। যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ শিরোপা জয়ের এই রেকর্ডে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের সঙ্গে নাম ছিল ভারতেরও। কিন্তু এবার এককভাবে সেই রেকর্ড নিজেদের দখলে নিল ভারত। জয় করল সর্বোচ্চ তিনটি শিরোপা।
রেকর্ড আছে আরো একটি। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের জমজমাট ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। এবার নিউজিল্যান্ডকে হারিয়ে জিতল টানা দ্বিতীয় শিরোপা। এখানেও প্রথম ভারত। এর আগে টানা দুইবার শিরোপা জয়ের রেকর্ড নেই আর কোনো দলের।
রেকর্ডের হিসাব চুকিয়ে আপাতত আহমেদাবাদে চলছে ট্রফি জয়ের উৎসব। ঘরের মাঠে উৎসবে মেতে ওঠেছে স্টেডিয়ামে আসা লক্ষাধিক মানুষ। নেচে-গেয়ে উদযাপন করছেন ক্রিকেটাররাও।

স্পোর্টস ডেস্ক