মুশফিকের ‘মিডিয়া বিরক্তি’!
সম্প্রতি বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কত্ব হারিয়েছেন তিনি। ব্যাটিংয়ে আরো বেশি মনোযোগ দেওয়ার জন্যই নাকি বিসিবি তাঁকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। বলা হচ্ছে মুশফিকুর রহিমের কথা। তাঁর নেতৃত্বে বহু সাফল্য ঘরে তুলেছে বাংলাদেশ। এর জন্য প্রশংসাও পেয়েছেন তিনি। আবার ফর্ম খরায় সমালোচনাও শুনতে হয়। তাই প্রায় সময়ই মিডিয়ার প্রতি বিরক্তি প্রকাশ করে থাকেন তিনি। আবার কখনো সংবাদ মাধ্যমকে এড়িয়ে চলতেও দেখা গেছে তাঁকে।
মুশফিকের কণ্ঠে আবার সংবাদ মাধ্যমের প্রতি বিরক্তি প্রকাশ পেল। আজ সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। অনুষ্ঠানে সংবাদিকরা তাঁর সঙ্গে কথা বলতে চাইলে অনাগ্রহ দেখিয়ে তিনি বলেন, ‘আমি মিডিয়ার সঙ্গে কথা বলার জন্য কোর্স করছি, আগে কথা বলা শিখি, তারপর দেখি কী করা যায়।’
মিডিয়ার প্রতি মুশফিকের এই বিরক্তির কারণ অনেকেরই অজানা। তবে শোনা যাচ্ছে, এই কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকা সফরের সময় মুশফিকের কিছু বক্তব্যে বিসিবি ক্ষোভ প্রকাশ করে। তারই ধারাবাহিকতায় অধিনায়কত্ব হারান তিনি। হয়তো এর জন্যই সংবাদ মাধ্যমকে দুষছেন বাংলাদেশ দলের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।
অবশ্য বাংলাদেশের টেস্ট ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক মুশফিক। ২০১১ সালে দায়িত্ব পাওয়ার পর এই পর্যন্ত ৩৪টি টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তাঁর অধীনে সাত টেস্ট জিতেছে বাংলাদেশ। ৯টি টেস্ট ড্র হয়েছে। আর হেরেছে ১৮টি টেস্ট।

ক্রীড়া প্রতিবেদক