‘রোনালদো নয়, মেসিকে আটকানোই কঠিন’
প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) রক্ষণভাগে পরিচিত একটি নাম থিয়াগো সিলভা। বর্তমান সময়ের সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো- দুজনেরই মুখোমুখি হতে হয়েছে সাবেক এই ব্রাজিলিয়ান অধিনায়ককে। ‘বিশ্বসেরা কে’ সে বিতর্কে অবশ্য এই পিএসজি ডিফেন্ডার যাননি। তবে, রোনালদোর চেয়ে মেসিকে থামাতেই বেগটা বেশি পেতে হয়, এমনটাই মনে করেছেন থিয়াগো।
১৪ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস লিগে রোনালদোর রিয়াল মাদ্রিদের বিপক্ষেই কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে থিয়াগোর পিএসজি। আর সেই দ্বৈরথের ঠিক আগেই পর্তুগিজ অধিনায়কের চেয়ে ব্রাজিলিয়ান ডিফেন্ডার এগিয়ে রাখছেন আর্জেন্টাইন দলনায়ককে, ‘রোনালদোর চেয়ে মেসিকে আটকানো বেশি কঠিন। রোনালদো তার ক্যারিয়ারে যা যা জিতেছে সবকিছুরই যোগ্য দাবিদার সে। এ বছরটা হয়তো বা একটু খারাপ যাচ্ছে তার তবে বছর এখনো শেষ হয়নি। আসছে ব্যালন ডি’অরটাও সে জিততে পারে।’
মেসি আর রোনালদো; দুজনের ক্যাবিনেটেই আছে সমান পাঁচটি করে ব্যালন ডি’অর। তারপরও থিয়াগোর মতে মেসি এগিয়ে আছে একটা জায়গায়, ‘ছোট্ট একটা পার্থক্য আছে দুজনের মধ্যে। ওয়ান অর ওয়ান কিংবা দুজনের বিপক্ষেও মেসিকে আটকানোটা কঠিন।’
গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগে এই মেসির বার্সেলোনার কাছে হেরেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছিল থিয়াগোর পিএসজিকে। শেষ ষোলোর লড়াইয়ে ঘরের মাঠে জিতেও ৬-১ ব্যবধানে বার্সেলোনার অবিশ্বাস্য জয় তুলে নিয়েছিল বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে ৬-৫ ব্যবধানে পরাজয় বরণ করে নিতে হয়েছিল থিয়াগোর দলকে।

স্পোর্টস ডেস্ক