প্রথম ইনিংসের বিপর্যয় স্রেফ দুর্ঘটনা!
প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে ২২২ রানে আটকে ফেলে লিড নেওয়ার স্বপ্নে বিভোর ছিল বাংলাদেশ। উড়তে থাকা বাংলাদেশকে মাটিতে নামিয়ে এনে অতিথি দল উপহার দিল ১১০ রানে অলআউটের লজ্জা। মেহেদী হাসান মিরাজ অবশ্য এ ব্যাপারটাকে দেখছেন স্রেফ দুর্ঘটনা হিসেবে।
শেষ দশ বছরে বাংলাদেশ এত কম রানে অলআউট হয়নি। পাশাপাশি আরো একটা রেকর্ড ভেঙ্গে দিয়েছে বাংলাদেশ। মিরপুরের মাঠে ১১০ রানে এর আগে কোনো দলই অলআউট হয়নি।
বিষয়টাকে অতীত হিসেবে দেখতে চান তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। চতুর্থ ইনিংসে ব্যাট করার আগে আশাবাদের কথা শোনালেন তিনি, ‘দলের সব ব্যাটসম্যানই বেশ আত্মবিশ্বাসী, দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। অবশ্য প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতাকে আমি দুর্ঘটনাই বলবো।’
তা ছাড়া বোলিংও খুব একটা খারাপ হয়নি বলে মনে করেন এই তরুণ স্পিনার, ‘ক্রিকেটে এমন হওয়াই স্বাভাবিক। দু’একটা বল খারাপ হতেই পারে। আমার কাছে মনে হয়না আমাদের বোলাররা খারাপ কিছু করেছে। প্রথম ইনিংসে ২২২ রানে আটকে দেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও তাদের (শ্রীলঙ্কা) ৮ উইকেট তুলে নিয়েছে বোলাররা। বোলাররা যে অনেক খারাপ বল করেছে সেটা বলা যাবে না।’

ক্রীড়া প্রতিবেদক