অস্ট্রেলিয়া যেন কোণঠাসা বাঘ!
অ্যাশেজ সিরিজটা লজ্জাজনকভাবেই হেরে গেছে অস্ট্রেলিয়া। প্রথম চার টেস্ট পরই ইংল্যান্ড সিরিজ জিতে নিয়েছে ৩-১ ব্যবধানে। সিরিজের শেষ ম্যাচটা তাই অস্ট্রেলিয়ার জন্য পরিণত হয়েছে মান বাঁচানোর লড়াইয়ে। ওভালে সেই লড়াইটা দারুণভাবেই লড়ছে সফরকারীরা। কোণঠাসা হওয়া বাঘের মতো হামলে পড়েছে ইংল্যান্ডের ওপর।
প্রথম ইনিংসে ৪৮১ রানের বড় সংগ্রহ গড়ার পর ইংল্যান্ডের ব্যাটসম্যানদেরও নাকানিচুবানি খাওয়াচ্ছেন অস্ট্রেলিয়ান বোলাররা। মিচেল মার্শ, পিটার সিডল, নাথান লায়নদের দারুণ বোলিংয়ে ১০৭ রান সংগ্রহ করতেই ইংল্যান্ড হারিয়েছে আটটি উইকেট। প্রথম ইনিংসে পিছিয়ে আছে ৩৭৪ রানে।
প্রথম দিনের দারুণ ব্যাটিংয়ের ধারাবাহিকতা দ্বিতীয় দিনেও অব্যাহত রেখেছিলেন অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ অধিনায়ক স্টিভেন স্মিথ। খুব দ্রুতই পূর্ণ করে ফেলেছিলেন টেস্ট ক্যারিয়ারের ১১তম শতক। শেষপর্যন্ত তাঁর ব্যাট থেকে এসেছে ১৪৩ রানের ঝলমলে ইনিংস। শেষ পর্যায়ে মিচেল স্টার্কের ৫২ বলে ৫৮ রানের ইনিংসটিও ভালো অবদান রেখেছে অস্ট্রেলিয়ার বড় সংগ্রহের পেছনে।
জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড পড়েছে ব্যাটিং বিপর্যয়ের মুখে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে এখন পড়ে গেছে ইনিংস হারের শঙ্কায়। অধিনায়ক অ্যালিস্টার কুকের ব্যাট থেকে এসেছে এখন পর্যন্ত দলের পক্ষে সর্বোচ্চ ২২ রানের ইনিংস। ১৯ রান করেছেন আরেক ওপেনার অ্যাডাম লিথ। ২০ রানের বেশি করতে পারেননি আর কোনো ইংলিশ ব্যাটসম্যান। ৩৬ বলে ৮ রান করে অপরাজিত আছেন মইন আলী। ৮ রান নিয়েই ব্যাট করছেন মার্ক উড।

স্পোর্টস ডেস্ক