আবার কবে খেলা সাকিব-মাহমুদউল্লাহদের?
বছরের শুরু থেকেই ব্যস্ততায় ঠাসা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের সূচিটা। জানুয়ারির মাঝামাঝি থেকে মার্চের ১৮ তারিখ পর্যন্ত মাহমুদউল্লাহদের কাটাতে হয়েছে ব্যস্ত সময়। সেই ব্যস্ততা আপাতত শেষ। এবার অপেক্ষা পরের সিরিজের।
চলতি মাসেই দ্বিপক্ষীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে বিশ্বকাপ বাছাইয়ের খেলায় ব্যস্ত ক্যারিবীয়রা অংশ নিতে পারছে না ঘরের মাঠের সিরিজে। তাই ফের মাঠে নামতে অবশ্য টাইগারদের অপেক্ষা করতে হচ্ছে মাস দুয়েক।
জুনের প্রথমদিকে কিংবা মে মাসের শেষে উইন্ডিজের উদ্দেশে উড়াল দিতে পারেন সাকিব আল হাসানরা। সেখানে দুই টেস্ট, তিন ওয়ানডে আর এক টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ।
সেই সিরিজ শেষ করেই বাংলাদেশের দেশে ফেরার কথা থাকলেও তেমনটা হওয়ার সম্ভাবনা কম। কেননা ভারতের মাটিতে তত দিনে তোড়জোড় শুরু হয়ে যাবে এশিয়া কাপ আয়োজনের। খুব সম্ভবত টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টে অংশ নিতে সরাসরি ওয়েস্ট ইন্ডিজ থেকে ভারতের বিমানে চাপলেও চাপতে পারে বাংলাদেশ দল।
এশিয়া কাপের পর বাংলাদেশ আবারও বড় বিরতি পেলেও পেতে পারে। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া যদি শেষমেশ বাংলাদেশ সফর উপলক্ষে স্পন্সরটা জোগাড় করে ফেলতে পারে তবে মাশরাফিদের যেতে হবে স্টিভেন স্মিথদের দেশে। কদিন আগেই দেশটির ক্রিকেট বোর্ড জানায় স্পন্সরের অভাবে নির্ধারিত সূচির সে সিরিজ আয়োজনে তারা অপারগ। আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশের অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল।
এরপর নভেম্বরে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। অতিথিদের মাঠে খেলে আসার পর এবার বাংলাদেশ আতিথ্য দেবে ক্যারিবীয় দলকে। ঘরের মাঠেও দুই টেস্ট, তিন ওয়ানডে আর এক টি-টোয়েন্টিতে উইন্ডিজ দলের মোকাবিলা করবে বাংলাদেশ।
এ বছরের শুরুতেই ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টানা তিন সিরিজে মাঠে নেমেছিল বাংলাদেশ। এর পরই মাহমুদউল্লাহদের ধরতে হয়েছিল শ্রীলঙ্কার বিমান। দ্বীপদেশটির স্বাধীনতার ৭০তম বছর উদযাপন উপলক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ নিদাহাস ট্রফির লড়াইয়ে বাংলাদেশ লড়েছে স্বাগতিক দেশ ছাড়াও ভারতের বিপক্ষে।
পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ক্রিকেট খেলে ফাইনালেও জায়গা করে নিয়েছিল সাকিব আল হাসানের দল। তবে ভারতের কাছে হেরে ফাইনালের শিরোপাটা রয়ে গেছে অধরাই। সেই হতাশা কাটিয়ে উঠতে বাংলাদেশ অবশ্য সময় পাচ্ছে বেশ কিছুদিন। আশা করা যায় দুই মাস বিরতির পর চনমনে হয়েই ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পা রাখবেন সাকিব-তামিমরা।

ক্রীড়া প্রতিবেদক