বাংলাদেশের ইতিহাস-সেরা টেস্ট র্যাংকিং!
সীমিত ওভারের ক্রিকেটে বেশ কিছুদিন ধরেই দারুণ সব সাফল্য পেয়ে আসছে বাংলাদেশ। সে হিসেবে টেস্টে কিছুটা পিছিয়েই ছিল। র্যাংকিংয়ে নবম স্থানে ছিল। আশার কথা এবার টেস্ট র্যাংকিংয়েও বাংলাদেশের দারুণ উন্নতি হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের মতো পরাশক্তি দলকে টপকে বাংলাদেশ এখন অষ্টম স্থানে।
আজ মঙ্গলবার আইসিসি নতুন র্যাংকিং প্রকাশ করে। সেখানে বাংলাদেশ ৭৫ রেটিং পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠে আসে। ৬৭ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানে নেমে যায় ক্যারিবীয়রা।
অবশ্য গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে বাংলাদেশের সামনে ছিল টেস্ট ইতিহাসে নিজেদের সেরা অবস্থানে যাওয়ার। অবশ্য সে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে মুশফিক বাহিনী র্যাংকিংয়ের নবম স্থানে রয়ে গিয়েছিল।
এই রেটিং ঠিক করা হয়েছে ২০১৭-১৮ মৌসুমে টেস্টের পারফরম্যান্সের ভিত্তিতে । এবারের হালনাগাদে র্যাংকিংয়ে আগের দুই মৌসুমের ৫০ ভাগ করে পয়েন্ট যোগ হয়েছে। তাই বাংলাদেশের এই উন্নতি।
২০১৫ সাল থেকে এই তিন বছরে ১৮ টেস্ট খেলে তিনটিতে জিতেছে বাংলাদেশ। হার ১০টি ও ৫ ড্র। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ এই সময়ে ২৮ টেস্ট খেলে ১৮ হারের বিপরীতে মাত্র ৫ ম্যাচ জিতেছে।
১২৫ রেটিং পয়েন্ট নিয়ে র্যাংকিংয়ে শীর্ষে আছে ভারত। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ১১২। আর ১০৬ রেটিং পয়েন্ট নিয়ে তিনে আছে অস্ট্রেলিয়া। চারে নেমে গেছে নিউজিল্যান্ড । তাদের ১০২ রেটিং পয়েন্ট। পাঁচে ও ছয়ে আছে যথাক্রমে ইংল্যান্ড (৯৮)ও শ্রীলঙ্কা (৯৪)। আর সাতে থাকা পাকিস্তানের রেটিং পয়েন্ট ৮৬।


ক্রীড়া প্রতিবেদক