ভিয়ারিয়াল ‘গার্ড অব অনার’ দেবে বার্সাকে
স্প্যানিশ লিগে আজ বুধবার দিবাগত রাতে ন্যু-ক্যাম্পে ভিয়ারিয়ালের মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা। লা-লিগার রীতি অনুযায়ী যদি কোনো দল মৌসুম শেষ হওয়ার আগেই নিশ্চিত করে ফেলে শিরোপা তবে বাকি দলগুলো মাঠে নেমে সম্মান জানিয়ে দেবে ‘গার্ড অব অনার’। ম্যাচে তাই মৌসুমের অপরাজিত দল বার্সাকে ভিয়ারিয়াল জানাবে সেই সম্মান।
যদিও নিয়ম অনুযায়ী গত সোমবার এল-ক্লাসিকোর লড়াইয়ে রিয়াল মাদ্রিদের গার্ড অব অনার দেওয়ার কথা ছিল বার্সাকে। তবে প্রতিপক্ষের মাঠে সে সম্মান জানায়নি মাদ্রিদের ক্লাবটি। তাই ভিয়ারিয়ালের কাছে থেকেই বার্সা পেতে যাচ্ছে গার্ড অব অনার। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়।
এর আগেও ২০০৯-১০ লা-লিগা মৌসুমে বার্সা আগেই শিরোপা নিশ্চিত করায় এই ক্লাবটি কাতালান দলটিকে দিয়েছিল গার্ড অব অনার। সে সময় কিন্তু ভিয়ারিয়াল দলটির কোচ ছিলেন বর্তমানে বার্সা দলের দায়িত্বে থাকা আরনেস্তো ভালভার্দে।
এল-ক্লাসিকো রণের আগেই রিয়ালের কোচ জিনেদিন জিদান ও অধিনায়ক সার্জিও রামোস জানিয়ে দিয়েছিলেন বার্সার নৈপুণ্যের প্রতি তারা শ্রদ্ধাশীল তবে দেবে না গার্ড অব অনার। অবশ্য গত ডিসেম্বরে স্যান্টিয়াগো বার্নাব্যুতে ক্লাব চ্যাম্পিয়ন রিয়ালকে সম্মান জানাতে অস্বীকৃতি জানিয়েছিল বার্সা।
রিয়ালের কাছ থেকে গার্ড অব অনার না পেলেও বার্সা অবশ্য সোমবার সন্ধ্যায় পেয়েছিল অন্যরকম সম্মান। ক্লাবটির সকল কর্মকর্তা ও কর্মচারীরা জেরার্ড পিকের আহ্বানে বার্সার সকল খেলোয়াড়কে দিয়েছিল গার্ড অব অনার।
তবে এতটুকু নিশ্চিত যে গার্ড অব অনার ছাপিয়ে বার্সার চোখটা কিন্তু থাকবে জয়ের দিকেই। কেননা আজ রাতের ম্যাচসহ মৌসুমে যে তিন ম্যাচ বাকি আছে তাতে জয় বা ড্র পেলেই একমাত্র দল হিসেবে অপরাজিত লা-লিগা শেষ করবে কাতালান ক্লাবটি।

স্পোর্টস ডেস্ক