টেলিভিশন ও অনলাইনে যেভাবে দেখবেন বিশ্বকাপ
বেজে উঠেছে বিশ্বকাপের দামামা। দেশে দেশে ফুটবল উন্মাদনায় মেতে উঠছেন সমর্থকরা। গ্রেটেস্ট শো অন দ্য আর্থ খ্যাত ফুটবল মহাযজ্ঞ কেউ কেউ উপভোগ করবেন সরাসরি মাঠে বসেই। তবে বেশিরভাগেরই প্রিয় দলের খেলা দেখতে তাকিয়ে থাকতে হবে টেলিভিশন কিংবা অনলাইনে।
বাংলাদেশে ফুটবল বিশ্বকাপের সম্প্রচার নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। গত কয়েকদিন ধরে দেশের ক্রীড়াঙ্গনে আলোচনা চলছিল-- কারা দেখাবে ফুটবলের এই উন্মাদনা। সব অনিশ্চয়তা কেটে গেছে। বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচারের অনুমতি পেয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বিটিভি।
বিটিভি বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব সমন্বয় করেছে দেশের আরও কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে। যে কারণে এখন টেলিভিশন এবং অনলাইন মিলিয়ে দেশে সরাসরি বিশ্বকাপের খেলা উপভোগ করা যাবে অন্তত আটটি মাধ্যমে।
বাংলাদেশে ২০২৬ বিশ্বকাপের খেলা সরাসরি সম্প্রচার করবে তিনটি টেলিভিশন। রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বিটিভির সঙ্গে খেলা দেখা যাবে খেলাধুলা ভিত্তিক টেলিভিশন চ্যানেল টি-স্পোর্টস ও সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেল সময় টিভিতে।
আর অনলাইনে বিশ্বকাপের ম্যাচ সরাসরি সম্প্রচার করবে পাঁচটি প্ল্যাটফর্ম। এর মধ্যে চারটিই দেশের টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান। বিশ্বকাপের খেলা সরাসরি সম্প্রচার করবে বাংলালিংকের ডিজিটাল প্ল্যাটফর্ম টফি, গ্রামীণফোনের ডিজিটাল প্ল্যাটফর্ম বায়োস্কোপ এবং মাই রবি ও মাই এয়ারটেল অ্যাপে।
এর বাইরে একমাত্র ওটিটি প্ল্যাটফর্ম হিসেবে বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেয়েছে আই-স্ক্রিন।

স্পোর্টস ডেস্ক